Apan Desh | আপন দেশ

কৃষিভিত্তিক শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪২, ১৪ এপ্রিল ২০২৬

কৃষিভিত্তিক শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

ছবি : আপন দেশ

কৃষিনির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশের ৪০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। বাকিরা কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে সম্পর্কিত। প্রধান পেশা কৃষি। বিএনপি সরকার বিশ্বাস করে, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তাই বিএনপি সরকারের অঙ্গীকার ১০টি সুবিধা সংবলিত কৃষি কার্ড পৌঁছে দেয়া হচ্ছে।’

মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘পহেলা বৈশাখ এখন সামাজিক অনুষ্ঠানে রূপ নিলেও এটি মূলত কৃষকদের সঙ্গে সম্পর্কিত। সেজন্য আজ এই কৃষক কার্ডের উদ্বোধন করেছি।’

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে ২২ হাজার কৃষক পাচ্ছেন এ কার্ড। পাঁচ বছরে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ চাষি কৃষক কার্ড পাবেন। নির্বাচনের আগে প্রতিশ্রুতির মধ্যে এটি অন্যতম। এ ছাড়া, কৃষি ঋণ ১০ হাজার পর্যন্ত মওকুফ করেছি প্রথম সপ্তাহে। ১২ লাখ কৃষক এই সুবিধা পেয়েছেন।’

তিনি বলেন, ‘কৃষিনির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেয়া হবে, যাতে কৃষকরা আরও দাম পেতে পারেন। কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে বসেছি। বিভিন্ন দেশ এবং দেশীয় ব্যবসায়ীরা কোল্ডস্টরেজ তৈরিতে আগ্রহী। এ বিষয়ে সরকার উদ্যোগী।’

সরকারপ্রধান বলেন, ‘এখন দেশ পুনর্গঠনের সময়। এ সরকার জনগণের সরকার। লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, দেশের উন্নয়ন। সবাই নিজের দেশকে ভালো দেখতে চায়। আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। এর জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।’

আরও পড়ুন : নববর্ষের উৎসবের মধ্যেই বাঙালি সংস্কৃতি নিহিত : তথ্যমন্ত্রী

তিনি আরও বলেন,‘সারা দেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে কৃষক ও কৃষির সুবিধার্থে। ভূগর্ভস্থ পানির দিকে নজর দিতে হবে। কারণে এটি কমতে শুরু করেছে। তাই যেনো সেটাকে বাঁচানো যায়, এর উদ্যোগ নেবে সরকার।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়