Apan Desh | আপন দেশ

বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:২৯, ১১ মার্চ ২০২৬

বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

ছবি: আপন দেশ

ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে। বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন এ বৈঠক শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বেলা ১১টায় সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। 

বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হবে। পাশাপাশি প্রথম অধিবেশনের সভাপতি, স্পিকার, ডেপুটি স্পিকার নির্ধারণ নিয়েও সংসদ সদস্যদের সাথে আলোচনা করবেন সংসদ নেতা। এ নিয়ে আসতে পারে সিদ্ধান্ত-ও।

বিএনপি সূত্রে জানা গেছে, সংসদের শীর্ষ পদগুলোয় অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসাতে চাইছে বিএনপি। স্পিকার পদে দলের স্থায়ী কমিটির দুই সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের ব্যাপারে আলোচনা বেশি।

আরও পড়ুন<<>>সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী
 
সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এ দুটি পদে ক্ষমতাসীন দল থেকেই সদস্য নির্বাচিত হয়ে থাকেন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী এ পদটি নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে বিরোধী দলের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।

এদিকে বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহবান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সে অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন।

সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এ অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়