ছবি: আপন দেশ
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে সংঘাতময় হয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য। এর জেরে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সঙ্কট। এমন পরিস্থিতি মোকাবিলায় নানা পন্থা অবলম্বন করছে বিভিন্ন দেশ। জ্বালানি সাশ্রয়ে হোম অফিস পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। দেশ দুটির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মঙ্গলবার বাসা থেকে অফিস করার আহবান জানানো হয়েছে।
এক বিবৃতিতে থাই কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে চায়। তাই, যেসব ক্ষেত্রে রিমোট ওয়ার্ক সম্ভব সেখানে এ পদ্ধতি চালু করা উচিত। জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি দফতগুলোর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণেরও নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহে ব্যাংকক জানিয়েছিল, তাদের কাছে দুই মাসের জ্বালানি তেলের মজুত আছে। অভ্যন্তরীণ মজুত ধরে রাখতে তারা রফতানি স্থগিত রেখেছে। আগামী ১৫ দিনের জন্য ডিজেলের দাম প্রতি লিটারে ৩০ বাথ-এর নিচে নির্ধারণ করে দেয়া হয়েছে।
আরও পড়ুন<<>>পাইপলাইনে তিন লাখ ৩৬ হাজার টন ডিজেল
থাইল্যান্ডের প্রতিবেশী ভিয়েতনাম বিভিন্ন আমদানি করা পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। সরকারের ওয়েবসাইটে জানানো হয়েছে, তেলের চাহিদা কমাতে তারা কোম্পানিগুলোকে সুযোগ থাকলে বাসা থেকে কাজ করার অনুমতি দেয়ার আহবান জানিয়েছে। ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন বা সাইকেল ব্যবহারের পরামর্শও দিয়েছে হ্যানয়।
ভিয়েতনামে পেট্রলের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দেশটির ফিলিং স্টেশনগুলোতে কয়েক হাজার মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে।
এদিকে বাংলাদেশের জ্বালানি সঙ্কট নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে মানুষের মধ্যে। গত কয়েক দিন ধরেই ফিলিং স্টেশনগুলোতে প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকের লম্বা লাইন দেখা গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সরকারি দফতগুলোর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণেরও নির্দেশ দিয়েছেন। এছাড়া অযথা অফিস ও বাসা বাড়ির লাইট না জ্বালানো পরামর্শ দিয়েছেন।
তাছাড়া চীনসহ কয়েকটি দেশের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যেই ভারত ও চীন সহায়তা দিতে রাজি হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































