ফাইল ছবি।
পবিত্র মাহে রমজান এলেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা যেন মেতে ওঠেন দাম বাড়ানোর উৎসবে। রাজধানীর কাঁচাবাজার থেকে শুরু করে মুদি দোকান—সবখানেই এখন আগুনের আঁচ। ফল, মুরগি কিংবা সবজি, কোনো কিছুই নাগালের মধ্যে নেই সাধারণ মানুষের।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ইফতারের অপরিহার্য আইটেমগুলোর দাম আকাশচুম্বী। বিশেষ করে বেগুন ও ধনেপাতার দাম বেড়েছে চোখে পড়ার মতো।
আগ এক হালি লেবু বিক্রি হয়েছে ১২০ থেকে ১৫০ টাকায়। তবে রমজানের সপ্তম দিন বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাজার ঘুরে দেখা গেল, লেবুর দাম কমে এক হালি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের দামও কিছুটা কমেছে। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ (মুড়িকাটা) বিক্রি হয়েছে ৪০–৫০ টাকায়। রোজার আগের দিন ও রোজার প্রথম দিনে দাম ছিল ৫০–৬০ টাকা।
তবে দাম বেড়েছে মুরগির। এক সপ্তাহ আগে এক কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৫০–১৬০ টাকা। অন্যদিকে সোনালির দাম ছিল ২৮০ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০–২২০ টাকায় ও সোনালি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়।
এছাড়া কাঁচা মরিচ, শসা, ক্ষীরা ও টমেটোর দামও বেড়েছে। মান ও জাতভেদে প্রতি কেজি কাঁচা মরিচ গতকাল বিক্রি হয়েছে ১২০ থেকে ১৪০ টাকায়। যা দুই দিন আগেও ছিল ১০০ থেকে ১২০ টাকা। শসা ও ক্ষীরা বিক্রি হয়েছে ৬০-৮০ টাকায়। তিন দিন আগে যার দাম ছিল ৫০-৬০ টাকা। টমেটো ৫০-৬০ টাকায় বিক্রি হলেও কয়েক দিন আগে ছিল ৪০-৫০ টাকা।
রোজার শুরু থেকে প্রতি কেজি লম্বা বেগুনের দাম ২০ টাকা বেড়ে হয়েছে ৮০-১০০ টাকা। একইভাবে ধনেপাতার দামও ২০ টাকা বেড়ে ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে আপেল, মাল্টা, কমলা, আঙুর, আনার ও নাশপাতির মতো আমদানি ফলের দাম রমজানের আগের চেয়ে এখন কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।
মোহাম্মদপুর টাউনহল বাজার, জনতা বাজার, কৃষি মার্কেট ও কারওয়ান কাঁচা বাজার ঘুরে অন্তত ১২ জন বিক্রেতার সঙ্গে কথা হয়। তারা জানান, বাজারে কোনো পণ্যেরই খুব একটা ঘাটতি নেই। তাহলে দাম বাড়ছে কেন? উত্তরে তাো যা বললেন তার বার্তা একটাই—প্রতিবছর রমজানের শুরুতে সব পণ্যের দাম বাড়ে, এটা নতুন কিছু নয়!
মোহাম্মদপুর এলাকার ৪০ ফিট রোডের কাঁচা বাজারে মুরগি বিক্রি করেন ওসমান আলী। তিনি বলেন, প্রত্যেক বছর রমজান আইলেই মুরগির দাম বাড়ে। কেন বাড়ে, জানি না। সব কিছুর দাম বাড়ব, এইডাই নিয়ম।
ক্রেতারা বলছেন, ইফতারে ফলের চাহিদা বেশি থাকলেও এমন দাম বাড়ায় মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের পক্ষে ফল কেনা কঠিন হয়ে পড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০-১০০ টাকা পর্যন্ত বেড়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



































