প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিচ্ছে তারেক রহমান। এখন থেকে দেশের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ সরকারিভাবে সম্মানী ভাতা পাবেন। পবিত্র ঈদুল ফিতরের আগেই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেছে সরকার। তবে এ সম্মানী কত টাকা তা এখনো নির্ধারণ করেনি সরকার।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে তার উপদেষ্টা মাহদী আমিন এসব কথা জানান।
মাহদী জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মগুরুকে সম্মানী ভাতা প্রদান করা। ক্ষমতায় এসে সে ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে সারা দেশে তা চালু হবে।
কত টাকা সম্মানী ভাতা দেয়া হবে জানতে চাইলে মাহদী বলেন, আন্তমন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম তার পাশে ছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































