Apan Desh | আপন দেশ

জানুন ভোটের দিনে কী খোলা, কী বন্ধ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:১৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬

জানুন ভোটের দিনে কী খোলা, কী বন্ধ

ফাইল ছবি।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নির্বাচনের দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, নির্বাচন সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান এ ছুটির আওতামুক্ত থাকবে।

নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটির দিন নিম্নলিখিত অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস; আদালত; ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান; শিক্ষাপ্রতিষ্ঠান; বেসরকারি ও করপোরেট অফিস।

দোকানপাট ও শপিংমল- বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন সারাদেশের সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ থাকবে।

যেসব জরুরি সেবা ও অফিস খোলা থাকবে

ছুটি ঘোষিত হলেও জনগণের সেবায় নিয়োজিত কিছু জরুরি প্রতিষ্ঠান ও দফতর খোলা থাকবে।

জরুরি সেবা: হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ ও জরুরি টেলিযোগাযোগ সেবা সচল থাকবে।

সংবাদমাধ্যম: সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলসহ সব গণমাধ্যম এবং সংশ্লিষ্ট কর্মীরা ছুটির আওতামুক্ত থাকবেন।সংবাদ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: পুলিশ, আনসার, র‍্যাব ও নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী: নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ সরাসরি নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি প্রযোজ্য হবে না।

শিক্ষক: যেসব শিক্ষক ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার বা অন্যান্য নির্বাচনি দায়িত্বে নিয়োজিত থাকবেন, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম স্থগিত থাকবে। তারা সম্পূর্ণ সময় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

ব্যাংকার: যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ভোটকেন্দ্র বা রিটার্নিং অফিসারের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদের জন্য ব্যাংক বন্ধের সাধারণ ছুটি প্রযোজ্য হবে না।

নির্বাচন সংশ্লিষ্ট দফতর: নির্বাচন পরিচালনার স্বার্থে নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের সব অফিস খোলা থাকবে। ভোটের দিন রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে ব্যস্ততা থাকবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়