প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৯ বছর যারা ক্ষতমায় ছিল তারা দেশের মানুষকে কিছু দিতে পারেনি। আমরা এ দেশের মানুষকে সব দিয়েছি। ’৯৬ সালে ক্ষমতায় এসে দেখলাম বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ নেই, পার্কিং নেই।
শনিবার (৭ অক্টোবর) রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩-এর আংশিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ’৯৬ সালে আমরা সরকারে এসেই বিমানবন্দরের উন্নয়নের উদ্যোগ নিই। চট্টগ্রাম এবং সিলেট এই দুই আন্তর্জাতিক বিমানবন্দরও আমরা নির্মাণ করি। সঙ্গে শাহজালাল বিমানবন্দরের উন্নয়নের প্রকল্প গ্রহণ করি। ১৯৯৬ থেকে ২০০১ সাল এ সময়টাই বিমানবন্দরের উন্নয়নের যাত্রা শুরু হয়। আমি সবাইকে অনুরোধ করব, যদি পারেন তাহলে ’৯৬ সালে পূর্ব পর্যন্ত কী উন্নয়ন ছিল সেটি একটু দেখবেন।
সরকারপ্রধান বলেন, আমাদের বিমানবন্দর আরও পর্যাপ্ত আধুনিক, সুযোগ-সুবিধা যাতে সৃষ্টি হয়, তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। কারণ, আমাদের দেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীরা কাজ করে। আমাদের রেমিট্যান্স পাঠায়। তারাও যাতায়াত করে।
এর আগে সকাল ১০টার দিকে পুরো তৃতীয় টার্মিনাল ঘুরে দেখেন। এ সময় চেকিং পয়েন্ট, ইমিগ্রেশন কাউন্টার, প্রি-বোর্ডিং সিকিউরিটি জোন, বোর্ডিং ব্রিজ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তৃতীয় টার্মিনালের নির্মাণ যজ্ঞের স্থিরচিত্র পরিদর্শন করেন তিনি। এ সময় তাকে ব্রিফ করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান (বেবিচক) এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপবিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় এ অনুষ্ঠান। এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তরের মেয়র আতিকুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান (বেবিচক) এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি শফিউল আজিমসহ সংশ্লিষ্টরা। উপস্থিত রয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও। এ ছাড়া, এতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা আছেন।
আরও পড়ুন <> শাহজালালের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর সশরীরে উপস্থিতিতে এই টার্মিনাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি এয়ারক্র্যাফট পরীক্ষামূলক চালানো হয়।
থার্ড টার্মিনালের কাজ এরই মধ্যে ৯০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ সফট ওপেনিংয়ের পর আবার শুরু হবে। তবে আজ সফট ওপেনিং হলেও আগামী বছর থেকে অপারেশনে যাবে কর্তৃপক্ষ।
নতুন এই টার্মিনালের নকশা করেছেন সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরসহ অনেক বিখ্যাত স্থাপত্যের স্থপতি রোহানি বাহারিন।এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের (এডিসি) মাধ্যমে জাপানের মিৎসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসাং এই টার্মিনালের নির্মাণকাজ করছে।
বেবিচক বলছে, এই টার্মিনাল পুরোদমে চালুর মাধ্যমে দেশের আকাশপথের যাত্রীসেবায় দিনবদল ঘটবে। এর অত্যাধুনিক নানা ব্যবস্থা বিশ্বপরিমণ্ডলে দেশের এভিয়েশন সেবাকে নতুনভাবে তুলে ধরবে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান বলেন, ‘নির্ধারিত সময়ের আগেই আমরা প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছি। উদ্বোধনের আগে ৯০ শতাংশ কাজ শেষ করেছি।’
তিনি বলেন, যখন প্রকল্প শুরু হয় তখন করোনা মহামারি এলো।কিন্তু কাজ অব্যাহত ছিল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের (প্রথম পর্যায়) আওতায় শুধু টার্মিনাল ভবন নয়, আমদানি ও রফতানির কার্গো ভবনও নির্মাণ করা হয়েছে। কার্গো কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ পর্যায়ে। আগামী মার্চ-এপ্রিলের দিকে কার্গো কমপ্লেক্স ব্যবহার করা যাবে।
বেবিচক চেয়ারম্যান বলেন, এখন ক্যালিব্রেশন, ট্রায়ালের পাশাপাশি যারা এগুলো পরিচালনা করবে, তাদের প্রশিক্ষণের পর এটি হস্তান্তর করা হবে। ভালো মানের সেবা দিতে জাপানি ঠিকাদারকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেয়া হচ্ছে।
এই প্রকল্পের মেয়াদ চার বছর হলেও নির্মাণ শুরুর তিন বছর নয় মাসেই পুরোপুরি দৃশ্যমান হলো তৃতীয় টার্মিনাল। এই প্রকল্পে ব্যয় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। এর মধ্যে ঋণ হিসেবে জাইকা দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি টাকা, সরকার দিচ্ছে পাঁচ হাজার ২৫৭ কোটি টাকা।
বেবিচক সূত্র বলছে, সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটির বৈঠকে টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ জাপানকে দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি চূড়ান্ত হতে আরও ছয় মাস সময় লাগতে পারে।
নতুন টার্মিনাল নির্মাণের পর সুইস এয়ার, এয়ার কানাডা, এয়ার ফ্রান্সসহ অন্তত ১৫টি নতুন বিদেশি এয়ারলাইনস এরই মধ্যে ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































