Apan Desh | আপন দেশ

শঙ্খ ঘোষের কবিতা ‘মিথ্যে কথা’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ২৩ আগস্ট ২০২৬

শঙ্খ ঘোষের কবিতা ‘মিথ্যে কথা’

ছবি: আপন দেশ

মিথ্যে কথা

লোকে আমায় ভালোই বলে দিব্যি চলনসই
দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই।
ঘাটশিলাতে যাবার পথে ট্রেন-ছুটছে যখন
মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম।
হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে
এক একরকম ভঙ্গি ফোটে এক একরকম নাচে।
‘ওমা , দেখো নৃত্যনাট্য’ -যেই বলেছি আমি
মা বকে দেয় , ‘বড্ড তোমার বেড়েছে ফাজলামি।’
চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মেসোর
আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর।
ক’দিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কী
ঠিক অবিকল সেইরকমই মূর্তি যেন দেখি?
ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে
‘জানিস? আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে!’
শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন ‘শোন ,
এসব কথা আবার যেন না শুনি কখনো।’

বলি না তাই সে সব কথা সামলে থাকি খুব
কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব-
আকাশপারে আবার ও চোখ গিয়েছে আটকে
শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়