ছবি : আপন দেশ
দেশের ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান ‘সেবা প্রকাশনী’ তাদের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। বুধবার (১৩ মে) প্রকাশনীর মালিকপক্ষের অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাজী শাহনূর হোসেন বলেন, সেবা প্রকাশনীতে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম–দুর্নীতির বিষয়টি সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় অডিট কার্যক্রম নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সেবা প্রকাশনীর সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।
২০২২ সালের ১৯ জানুয়ারি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের মৃত্যু হয়। এরপর থেকেই তার প্রতিষ্ঠিত দেশের অন্যতম পাঠকপ্রিয় প্রকাশনা সংস্থাটির কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।
সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মাইমুর বলেন, পারিবারিকভাবে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর পেছনের পারিবারিক কোনো দ্বন্দ্ব–সংঘাত নেই।
সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের মৃত্যুর পরে তার দুই পুত্র কাজী শাহানূর হোসেন ও কাজী মাইমুর হোসেন সমান অংশীদার হিসেবে প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন। আর কাজী আনোয়ার হোসেন জীবদ্দশাতেই মাসুমা মাইমুরকে উপদেষ্টা করে গেছেন।
মাসুমা মাইমুর জানান, কাজী মাইমুর হোসেন অসুস্থ রয়েছেন। বড় ভাই কাজী শাহানূর হোসেন সহজ–সরল মানুষ। তার অগোচরে প্রতিষ্ঠানের একশ্রেণির কর্মকর্তা কর্মচারী অনিয়ম ও দুর্নীতি করছিলেন। বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হয়েছিল। ছয় মাস ধরে তিনি গোপনে অনুসন্ধান কারে দেখতে পান বাংলাবাজারের বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন বিক্রয়কেন্দ্রে বই বিক্রির অর্থ জমা করা হচ্ছে না। কৌশলে সরিয়ে ফেলা হচ্ছে।
আরও পড়ুন <<>> বিএনপির রবীন্দ্রনাথ
তিনি আরও জানান, এছাড়া অনিয়মের কারণে সম্প্রতি নেয়া বিভিন্ন প্রকল্পও ব্যর্থ হচ্ছিল। এ বিষয়গুলো জানার পরে পারিবারিকভাবে আলোচনা করে তারা সাময়িকভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রেখে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইতিমধ্যেই রমনা থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখ করে মাসুমা মাইমুর বলেন, অডিট করার উদ্যোগ নেয়া হয়েছে। খুব দ্রুত অডিট শুরু হবে। এসব কার্যক্রম শেষ করে পাঠকপ্রিয় সেবা প্রকাশনী নতুনভাবে কার্যক্রম শুরু করবে বলে তিনি জানিয়েছেন। এ সংকটময় সময়ে পাঠকদের তিনি সঙ্গে থাকার অনুরোধ করেছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































