Apan Desh | আপন দেশ

‘আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারছি না’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

‘আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারছি না’

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিচ্ছেন ওয়ারফেজ দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু। ছবি: মো. সম্রাট শাহজাহান

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় গৌরবোজ্জ্বল অবদান রাখা ব্যক্তিদের হাতে এ রাষ্ট্রীয় স্বীকৃতি তুলে দেন তিনি।

দেশের দ্বিতীয় বেসামরিক এ পুরষ্কারে এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক’ দেয়া হয়েছে। সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’কে একুশে পদকে ভূষিত করা হয়।

ব্যান্ডের পক্ষে পদকটি গ্রহণ করেন ওয়ারফেজ দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু। পদকটি গ্রহণের পর চ্যানেল আই অনলাইনকে টিপু বলেন, পদকটি ঘোষণার পর থেকেই আমরা উচ্ছ্বসিত ছিলাম। আজকে সম্মানিত অতিথি এবং যারা পদকপ্রাপ্ত হয়েছেন- সবার সামনে পদকটি দেয়া হলো। অনারেবল প্রাইম মিনিস্টার পদকটি হাতে তুলে দিলেন, যার ফলে অফিশিয়ালি পদকটি পেলাম আমরা।

উচ্ছ্বাস প্রকাশ করে টিপু বলেন, পদক গ্রহণের মধ্য দিয়ে পুরোপুরিভাবে পরিপূর্ণতা পেলাম আমরা। আমাদের ব্যান্ডের সব মেম্বাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। সবাই দারুণ আনন্দিত। আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারছি না।

এসময় টিপু জানান, ব্যান্ডের একুশ পদক প্রাপ্তির এ মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে ‘ওয়ারফেজ’-এর পুরনো সদস্যরাও দেশে এসেছেন। টিপুর ভাষ্য, দেশের বাইরে থেকে বাবনা করিম, সঞ্জয় কামরান রহমান, মাসুক রহমান এবং অনি হাসানরা এসেছেন। তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যান্ড মিউজিকে ‘ওয়ারফেজ’কে ছাড়াও এবছর চলচ্চিত্রে ববিতা, চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদকে একুশে পদক প্রদান করে সরকার।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়