ছবি : আপন দেশ
ঈদ শিশুদের জন্য আনন্দের বিশেষ উপলক্ষ। নতুন পোশাকের আনন্দের পাশাপাশি ছুটির সময়ে বাবা-মাকে কাছে পাওয়ার সুযোগও তাদের খুশি আরও বাড়িয়ে তোলে। তাই ঈদের সময় ছোটদের ঘুরতে যাওয়ার আগ্রহও বেশি থাকে।
রাজধানীতে এমন কয়েকটি জায়গা রয়েছে, যেখানে শিশুদের নিয়ে গেলে তারা আনন্দের পাশাপাশি নতুন কিছু জানার সুযোগও পাবে।
বাংলাদেশ সামরিক জাদুঘর: শিশুদের নিয়ে যেতে পারেন বাংলাদেশ সামরিক জাদুঘর, ত্রিমাত্রিক শিল্প গ্যালারি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে। সেখানে দেশের সামরিক ইতিহাস, বিভিন্ন বাহিনীর সরঞ্জাম, মহাকাশ, সৌরজগৎ ও বিজ্ঞানভিত্তিক নানা প্রদর্শনী দেখার সুযোগ রয়েছে। ত্রিমাত্রিক গ্যালারির পাহাড়, সমুদ্র ও মহাকাশভিত্তিক দৃশ্য শিশুদের কাছে বেশ আকর্ষণীয় মনে হবে।
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা: প্রাণীপ্রেমী শিশুদের জন্য ভালো জায়গা হতে পারে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। সেখানে বিভিন্ন প্রাণী কাছ থেকে দেখার পাশাপাশি খোলা পরিবেশে সময় কাটানোর সুযোগ রয়েছে। শিশুদের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থাও আছে।
শিশুমেলা: শিশুমেলা শিশুদের বিনোদনের আরেকটি জনপ্রিয় স্থান। এখানে বিভিন্ন রাইড, ছোট ট্রেন ও খেলাধুলার ব্যবস্থা রয়েছে, যা শিশুদের আনন্দ দেয়।
আরও পড়ুন <<>> ঈদযাত্রায় শিশু বমি করলে যা করবেন
বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর: শিশুদের নিয়ে ঘুরতে যেতে পারেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরেও। সেখানে বিভিন্ন যুদ্ধবিমান, পুরোনো বিমান ও বিমান বাহিনীর ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাওয়া যায়। পাশাপাশি রাইড ও বিনোদনের ব্যবস্থাও রয়েছে।
টগি ফান ওয়ার্ল্ড: ঘরের ভেতরের বিনোদনের জন্য টগি ফান ওয়ার্ল্ড হতে পারে ভালো পছন্দ। এখানে শিশুদের জন্য নানা ধরনের গেম, রাইড ও ভার্চুয়াল অভিজ্ঞতার ব্যবস্থা রয়েছে, যা তাদের সময়কে আরও উপভোগ্য করে তুলবে।
আপন দেশ/এসএস




































