Apan Desh | আপন দেশ

যেভাবে কমাবেন বিদ্যুৎ বিল

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:১১, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:১১, ৪ এপ্রিল ২০২৬

যেভাবে কমাবেন বিদ্যুৎ বিল

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকাল শুরু হতেই ফ্যান ও এয়ার কন্ডিশনের (এসি) ব্যবহার বাড়ে। যার কারণে বেড়ে যায় বিদ্যুৎ বিল। বিল হাতে পেলেই অনেকের চোখ কপালে ওঠে। কিন্তু কেন বিল বাড়ছে, তা অনেকেই স্পষ্টভাবে বুঝতে পারেন না। মূল কারণ, গরমের সময় ইলেকট্রিক ডিভাইসের ব্যবহার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়।

তবে শুধু ব্যবহার বাড়লেই নয়, কিছু অসচেতনতার কারণেও বিল বেশি আসে। অল্প কিছু সহজ পদক্ষেপ নিলেই এ খরচ অনেকটাই কমানো সম্ভব।

এসি ব্যবহারে সচেতনতা: এসি ব্যবহার করলে তাপমাত্রা খুব কম না রাখাই ভালো। ১৮ ডিগ্রির পরিবর্তে ২৪–২৬ ডিগ্রি সেলসিয়াসে রাখলে বিদ্যুৎ খরচ কমে। মাত্র ১ ডিগ্রি তাপমাত্রা বাড়ালেই প্রায় ৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। এসি চালানোর সময় ফ্যান ব্যবহার করলে ঘর দ্রুত ঠান্ডা হয়। এতে এসির ওপর চাপ কম পড়ে।

এছাড়া নিয়মিত এসির এয়ার ফিল্টার পরিষ্কার করা জরুরি। নোংরা ফিল্টার মোটরের ওপর চাপ বাড়ায় এবং বেশি বিদ্যুৎ খরচ করে।

প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখা: দিনের বেলায় দরজা-জানালার পর্দা টেনে রাখলে ঘরের ভেতর তাপ কম প্রবেশ করে। বিশেষ করে সকালে ও বিকেলে সূর্যের আলো ঢোকার সময় এটি কার্যকর।

আরও পড়ুন <<>> বাড়ছে হাম, শিশুদের স্কুলে পাঠানো কতটা নিরাপদ

আলো প্রয়োজন না হলে পর্দা বন্ধ রাখাই ভালো। আর যদি আলো দরকার হয়, তাহলে পর্দা খুলে প্রাকৃতিক আলো ব্যবহার করা যায়। এতে বাতি জ্বালানোর প্রয়োজন পড়ে না।

বিকেলে বাতাস চলাচল বেশি থাকে। এসময় জানালা খুলে দিলে ঘর ঠান্ডা থাকে। গাঢ় রঙের পর্দা বা ব্লাইন্ড ব্যবহার করলে তাপ আরও কম প্রবেশ করে।

অপ্রয়োজনীয় ডিভাইস বন্ধ রাখা: অনেক ডিভাইস ব্যবহার না করলেও প্লাগে লাগানো থাকে। টিভি, ল্যাপটপ চার্জার, মাইক্রোওয়েভ বা মোবাইল চার্জার স্ট্যান্ডবাই মোডে থেকেও বিদ্যুৎ খরচ করে। তাই ব্যবহার শেষে এসব ডিভাইস সম্পূর্ণ বন্ধ বা আনপ্লাগ করে রাখা উচিত।

ফ্রিজ ব্যবহারে সতর্কতা: ফ্রিজ দেয়ালের সঙ্গে লাগিয়ে রাখা উচিত নয়। অন্তত ৬ ইঞ্চি দূরে রাখলে তাপ সহজে বের হতে পারে। গ্রীষ্মে ফ্রিজকে সামার মোডে রাখা ভালো। বারবার ফ্রিজ খোলা এড়িয়ে চলা উচিত। গরম খাবার সরাসরি ফ্রিজে রাখা যাবে না। এতে ফ্রিজের ওপর চাপ বাড়ে এবং বিদ্যুৎ খরচও বেশি হয়।

এলইডি বাতির ব্যবহার: পুরনো ফিলামেন্ট বাতি বা টিউবলাইট বেশি বিদ্যুৎ খরচ করে। এর পরিবর্তে এলইডি বাতি ব্যবহার করলে কম বিদ্যুতেই বেশি আলো পাওয়া যায়। এটি দীর্ঘমেয়াদে সাশ্রয়ী এবং কার্যকর সমাধান।

তাই সামান্য কিছু সচেতনতা ও অভ্যাসের পরিবর্তনেই গ্রীষ্মকালে বিদ্যুৎ বিল অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়