Apan Desh | আপন দেশ

নজরুলের বিরুদ্ধে রিমান্ড চাইবে পুলিশ, স্পিকারের অনুমতির অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৩, ২১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:৩১, ২১ সেপ্টেম্বর ২০২৬

নজরুলের বিরুদ্ধে রিমান্ড চাইবে পুলিশ, স্পিকারের অনুমতির অপেক্ষা

ছবি: আপন দেশ

কথিত দ্বিতীয় ‘স্ত্রী’ মরিয়মের (১৯) মৃত্যুর ঘটনায় সাতক্ষীরার এমপি জিএম নজরুল ইসলামের বিরুদ্ধে রিমান্ড আবেদন করবে পুলিশ। 

এমপি হিসেবে তাকে গ্রেফতারের বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার প্রক্রিয়া চলছে। এ তথ্য জানিয়েছে শেরেবাংলা নগর থানা পুলিশ। স্পিকারকে অবহিত করার প্রক্রিয়া শেষ হলে রিমান্ডের মেয়াদ নির্ধারণ করে আদালতে আবেদন করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, আমরা রিমান্ড আবেদন করবো। তবে কতদিনের রিমান্ড চাওয়া হবে তা সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে।

আরও পড়ুন : মরিয়মের মৃত্যু: স্ত্রী-শ্যালক গ্রেফতার, হতে পারেন গাজী নজরুলও

দ্বিতীয় ‘স্ত্রী’ মরিয়মের মৃত্যুর ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন মরিয়মের বাবা এসএম মাসুম বিল্লাহ। 

মামলায় এমপি নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। রোববার রাতেই তাদের পুলিশি হেফাজতে নেয়া হয়। পরে মাকসুদা ইসলামকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

মামলায় মরিয়মের বাবা মাসুম বিল্লাহ অভিযোগ করেছেন, তার মেয়েকে বিয়ের পর থেকে এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

উল্লেখ্য, গাজী নজরুল জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে এমপি নির্বাচিত হন। 

গত জুলাইয়ে তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে এক তরুণীর সঙ্গে তাকে দেখা যায়। পরে গাজী নজরুল ইসলাম জানান, ওই তরুণী তাঁর দ্বিতীয় ‘স্ত্রী’ মরিয়ম।

এরপর গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেয়া হয়।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়