মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ
মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ একসময় তুমুল ব্যস্ত ছিলেন। জনপ্রিয়তার কারণে তাকে নিয়ে অনেক পরিচালক-প্রযোজক একের পর এক কাজ করেছেন। দর্শকপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় প্রেম করে অভিনয়শিল্পী নিলয় আলমগীরকে বিয়েও করেন। তবে তারা সর্ম্পকের ইতি টেনেছেন। এরপর হঠাৎ সবকিছু থেকে উধাও শখ।
দ্বিতীয় বিয়ের পর সন্তান আর মাতৃত্বের মধুর ভালোবাসায় নিজের যত্ন নেয়াটাই হয়তো সময়ের ভিড়ে হারিয়ে গিয়েছিল। সে চেনা রূপের আড়ালে জমছিল বাড়তি মেদের ভারী আস্তরণ একসময়ের ছিপছিপে গ্ল্যামার কন্যা আনিকা কবির শখের ওজন গিয়ে ঠেকেছিল সত্তর কেজিতে। আশি কেজি থেকে সত্তর পর্যন্ত নামলেও, থমকে গিয়েছিল মেদ ঝরানোর সে দূরূহ লড়াই। ফিটনেসের উৎসাহ জাগলেও বারবার তা ফিকে হয়ে যেত জিমের যান্ত্রিক রুটিনে।
তবে নিয়তির একটি ছোট্ট বার্তা যেন হুট করেই বদলে দিল সব চিত্রনাট্য। চিকিৎসক যখন জানালেন লিভারে জমেছে মেদ, তখনই শখের ভেতর জেগে উঠল এক নতুন জেদ। এবার লড়াইটা আর কেবল পর্দার সামনে সুন্দর দেখানোর ছিল না, লড়াইটা ছিল নিজের সুস্থতার সঙ্গে বেঁচে থাকার।
আরও পড়ুন<<>>দেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
প্রিয় খাবারের টানে নিজেকে ভাসিয়ে দেয়ার সে পুরোনো অভ্যাসকে এক ঝটকায় বিদায় জানালেন তিনি। যে শখ একসময় গরুর মাংসের স্বাদে মাতোয়ারা হতেন, এবারের কোরবানির ঈদে তার থালায় ঠাঁই পেয়েছিল মাত্র দু-টুকরো মাংস। আলু, বাইরের চর্বিজাতীয় মুখরোচক খাবারকে জীবন থেকে বিদায় দিয়ে তার পাতে জায়গা করে নিল সবুজ সবজি, ডিম আর মুরগির মাংস।
টানা সাত মাসের একনিষ্ঠ সাধনা আর নিয়মের কঠোর শৃঙ্খলে ঘাম ঝরিয়ে নিজেকে যেন নতুন করে আবিষ্কার করলেন শখ। সত্তর কেজি থেকে ঝরে পড়ে ওজন গিয়ে দাঁড়াল একবারে চমৎকার ৫৫ কেজিতে।
দীর্ঘ সময় পর গত শুক্রবার এক জমকালো ফ্যাশন শোতে যখন তিনি হেঁটে গেলেন, সেখানে উপস্থিত সবাই এ বদলে যাওয়া রূপসী শখকে দেখে যেন চমকে উঠলেন। মাতৃত্বের চার বছর পেরিয়ে সাড়ে চার বছরের সন্তানের চঞ্চলতার মাঝেই শখ এখন সম্পূর্ণ প্রস্তুত রূপালী পর্দায় নিজের চিরচেনা রাজত্ব ফিরে পেতে।
সিনেমা ও নাটকের প্রস্তাব ইতোমধ্যেই জমা হতে শুরু করেছে তার আঙিনায়। নিজের পুরোনো জাদুকরী রূপ আর অদম্য প্রাণশক্তি নিয়ে গ্ল্যামারের রাজপথে ফের এক নতুন গল্পের জন্ম দিতে যাচ্ছেন তিনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































