ফাইল ছবি
অর্থ আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এক গ্রাহকের মামলায় বুধবার (১৬ সেপ্টেম্বর) এই রিমান্ড মঞ্জু করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী ইব্রাহিম খালিলের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। তিনি ফারইস্ট লাইফের গ্রাহক। মামলায় এক কোটি ১৫ লাখ ১৭ হাজার ২১৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ আপন দেশকে জানান, বুধবার আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি এখনও কারাগারে আছে। শিগগির রিমান্ডের জন্য আনা হবে।
একাধিক মামলা, তদন্ত চলমান
গ্রাহকদের অর্থ আত্মসাৎ এবং প্রতিষ্ঠানের সম্পদ কেনাকাটায় অনিয়মসহ বিভিন্ন অভিযোগে নজরুল ইসলাম ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), ঢাকা-১ বিভিন্ন সময়ে সাতটি মামলা করেছে। এর মধ্যে ২০২২ সালের ৮ মার্চের ১ ও ২ নম্বর মামলা, একই বছরের ৮ মার্চের ১৮ নম্বর মামলা, ১২ আগস্টের ৪ নম্বর মামলা, ২০২৩ সালের ৭ এপ্রিল ও ৯ মে করা ৪ নম্বর মামলা এবং ২০২৫ সালের ৩১ জুলাই করা ৩৫ নম্বর মামলা রয়েছে। র
দুদকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৩ অক্টোবর ঢাকা-১ কার্যালয়ের মামলা নম্বর ৩৫-এ নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে আদালতের অনুমতিতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই জিজ্ঞাসাবাদে তার নামে থাকা বিভিন্ন স্থাবর সম্পদের বিষয়ে তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে দুদক।
দুদক সূত্রের দাবি, এসব মামলায় আত্মসাতের অর্থের পরিমাণ হাজার কোটি টাকার বেশি। মামলাগুলোর তদন্ত চলমান। একই সঙ্গে আরও কয়েকটি মামলা করার প্রক্রিয়াও চলছে বলে সূত্রটি জানিয়েছে।
আপন দেশ/কেএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































