ছবি: আপন দেশ
কারাগারে নেয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে বিচারক তাকে প্রয়োজনীয় চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মামলায় শুনানির জন্য হাজির করা হলে পলক একথা জানান এবং এসময় তিনি শারীরিক অবস্থার বিষয়টি তুলে ধরেন। পরে বিচারক তাকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।
এদিন মোহাম্মদপুর থানার একটি মামলার চার্জশুনানির জন্য পলককে হাজির করা হয়। শুনানির সময় পলক আদালতকে জানান, গত ১৯ এপ্রিল শুনানিতে আদালত থেকে কারাগারে নেয়ার পথে পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে তিনি আহত হন।
তার আইনজীবীর মাধ্যমে বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে বিচারক বিষয়টি নথিভুক্ত করে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।
পরে পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জানান, দুর্ঘটনায় পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন। আদালতকে বিষয়টি অবহিত করার পর বিচারক তার চিকিৎসার বিষয়ে নির্দেশনা দেন।
আরও পড়ুন <<>>কাস্টমস কর্মকর্তা হত্যায় কারাগারে ৪, রিমান্ডে ১
পলকের আরেক আইনজীবী এম. লিটন আহমেদ জানান, ট্রাইব্যুনালে শুনানি শেষে গত ১৯ এপ্রিল পলককে কারাগারে নেয়া হচ্ছিল। সেদিন বিকেলে পোস্তগোলা ব্রিজ পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে আরেকটি গাড়ির দুর্ঘটনায় তাদের প্রিজনভ্যানে ধাক্কা লাগে। প্রিজনভ্যানে জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ আরও অনেকে ছিলেন।
২০২৪ সালের ১৪ আগস্ট রাতে খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে পলকসহ তিনজনকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।























