ছবি: আপন দেশ
বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ভার্চুয়াল বিচারকাজ সিদ্ধান্ত গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। সপ্তাহে দু'দিন ভার্চুয়াল বিচারকাজ পরিচালিত হবে।
এমন সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। এ লক্ষ্যে বিপুলসংখ্যক আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন। এমনকি তারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম. মাহবুব উদ্দিন খোকনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সমিতির সভাপতি বিষয়টি প্রধান বিচারপতিকে জানাবেন বলে আইনজীবীদের আশ্বস্ত করেছেন। পরে সমিতির পক্ষ থেকে আইনজীবীদের আন্দোলনের বিষয়টি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানানো হয়। রেজিস্ট্রার জেনারেল আবু বকর সিদ্দিকী বিষয়টি প্রধান বিচারপতিকে অবহিত করবেন বলে সমিতিকে জানিয়েছেন।
এ সময় ভার্চুয়াল বিচারকাজ প্রত্যাহার না করলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কালো পতাকা মিছিলসহ লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আইনজীবীরা বলেন, ভার্চুয়াল শুনানির ফলে অনেক গুরুত্বপূর্ণ মামলা নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিচ্ছে। এতে বিচারের নামে প্রহসন হচ্ছে। বিচারিক কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তাই অবিলম্বে ভার্চুয়ালি বিচারকাজ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, রোববার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন বুধ ও বৃহস্পতিবার বিচারকাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানায়। এতে বলা হয়- বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে 'আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং হাইকোর্ট বিভাগের জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করত তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে দুই দিন হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আপিল বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হবে বলে জানানো হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































