মো. আমিনুল ইসলাম। ছবি: আপন দেশ
ওয়ান ইলেভেনের সময়কার বিতর্কিত কর্মকাণ্ড ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ক্ষমতার অপব্যবহার বা অপরাধে জড়িত কেউই ছাড় পাবে না, সে যত প্রভাবশালীই হোক।
রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, ১/১১ এবং পরবর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের গণতন্ত্র ও সুশাসনকে ক্ষতিগ্রস্ত করেছে।
মো. আমিনুল ইসলাম জানান, এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত দু’জন কর্মকর্তা হলেন মাসুদ উদ্দিন চৌধুরী ও মামুন খালেদ। ইতোমধ্যে তারা গ্রেফতার হয়েছেন। বর্তমানে তারা অন্য মামলায় পুলিশ হেফাজত বা রিমান্ডে রয়েছেন।
চিফ প্রসিকিউটর বলেন, তাদের অতীতের বহু কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে। তবে তদন্তের স্বার্থে সব অভিযোগ এখনই প্রকাশ করা সম্ভব নয়। তিনি মনে করেন, এসব অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত এবং যথাযথ তদন্তের পর বিচার হওয়া উচিত।
তিনি বলেন, অভিযুক্তদের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ক্ষমতার অপব্যবহার করে আয়নাঘরের মতো অমানবিক কাজ করেছে। ১/১১-এর সময় সেফ হাউস তৈরি করে মানুষকে নির্যাতন, হত্যা ও গুম করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ধরনের আরও অনেক অভিযোগ তদন্তাধীন রয়েছে।
সিনিয়র এ আইনজীবী বলেন, ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।
আবু সাঈদের মামলা প্রসঙ্গে তিনি জানান, মামলাটি ৯ তারিখে রায়ের জন্য নির্ধারিত রয়েছে। এটি স্বাভাবিক প্রক্রিয়ায় এগোচ্ছে। তিনি বলেন, মামলায় যাদের আসামি করা হয়েছে, সেখানে কাউকে বাদ দেয়া হয়নি।
আরও পড়ুন <<>> ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
তবে একজন আসামির বিষয়ে নতুন তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। ভিডিও ফুটেজে তাকে দেখা গেলেও ঘটনার দিন তার সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে পরবর্তী দুই দিনের ঘটনায় তার অংশগ্রহণের প্রমাণ মিলেছে। এ বিষয়ে পৃথক মামলা ও তদন্ত চলছে। তাকে গ্রেফতারের জন্য আবেদন করা হবে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, ১/১১ থেকে শুরু করে বিগত সরকারের সময় পর্যন্ত যারা রিং-লিডার হিসেবে কাজ করেছে, তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। ট্রাইব্যুনাল স্বাধীনভাবে বিচার কার্যক্রম পরিচালনা করবে। কোনো ধরনের দায়মুক্তি এ প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































