ছবি: সংগৃহীত
রাজধানীর পল্টন থানার মানবপাচার আইনের মামলায় এক-এগারোর সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক রায়হানুর রহমান পুনরায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন <<>> মামুন খালেদ দম্পতির বিরুদ্ধে মামলা করতে পারছে না দুদক
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।
এর আগে, গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে তাকে পল্টন থানার মানবপাচার মামলায় গ্রেফতার দেখানো হয় এবং পরদিন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
আরও পড়ুন <<>> অসচ্ছল বিচারপ্রার্থীদের ক্ষতিপূরণ আদায়
মামলাটি দায়ের করেন আফিয়া ওভারসিজের মালিক আলতাব খান। তার অভিযোগ অনুযায়ী, সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ ১০৩ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, জনশক্তি রফতানি খাতে সিন্ডিকেট তৈরি করে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করা হয়েছে। বাদীর দাবি, আসামিরা ভয়ভীতি ও বলপ্রয়োগ করে তার কাছ থেকে অতিরিক্ত চাঁদা হিসেবে প্রায় ১২ কোটি ৫৬ লাখ টাকা আদায় করেছে এবং সংঘবদ্ধভাবে অন্যান্যদের কাছ থেকে প্রায় ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































