Apan Desh | আপন দেশ

আলেশা মার্টের চেয়ারম্যানকে সন্ত্রীক কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৯, ২৫ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৯:৫৮, ২৫ জানুয়ারি ২০২৪

আলেশা মার্টের চেয়ারম্যানকে সন্ত্রীক কারাদণ্ড

বিতর্কিত আলেশা মার্টের চেয়ারম্যানকে ছয় মাসে কারাদণ্ড দিয়েছে আদালত। একই দণ্ড তার স্ত্রী সাদিয়া চৌধুরীকেও দেয়া হয়েছে। সাদিয়া চৌধুরী ওই প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্বে আছেন।  মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী চেক ডিজঅনারের মামলায় এ সাজা পেলেন। পাশাপাশি তাদের তিন লাখ ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন। ঘোষণা করেন বিচারক তসরুজ্জামান। বাদীপক্ষের আইনজীবী নিকুঞ্জ বিহারী আচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ৮ জুন। আলেশা মার্ট থেকে ডিসকাউন্টে একটি মোটরসাইকেল অর্ডার করেন নুরুজ্জামান রিপন। মূল্য বাবদ ২ লাখ ৫০ হাজার ৩১০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। টাকা পরিশোধের ৪৫ দিন পার হলেও মোটরসাইকেল বুঝে পাননি এ গ্রাহক।

আরও পড়ুন>> ডিমের দামে কারসাজি, সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

একাধিকবার মোটরসাইকেল হস্তান্তরে ব্যর্থ হয় আলেশা মার্ট। পরে ওই বছরের ২৮ ডিসেম্বর ক্ষতিপূরণ বাবদ ৩ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার চেক দেয়া হয়। ২০২২ সালের ২০ মার্চ, ঢাকার সোনালী ব্যাংক লিমিটেডের ডিস্ট্রিক কাউন্সিল হল শাখায় চেক নগদায়নের জন্য জমা দেন। সেটি ডিজঅনার হয়।

পরে বারবার টাকার বিষয়ে আলেশা মার্টের সঙ্গে যোগাযোগ করেন ওই গ্রাহক। কিন্তু টালবাহানা করতে থাকে ই-কমার্স প্রতিষ্ঠানটি। পরে এ ঘটনায় ২০২২ সালের ১৯ মে ভুক্তভোগী নুরুজ্জামান রিপন বাদী হয়ে মামলা করেন। রিপন ঢাকা বিশেষ জজ আদালত-৭ এর গাড়িচালক।  

আপন দেশ/এসএমএ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়