Apan Desh | আপন দেশ

জেলেনস্কির নরওয়ে যাত্রায় বিলম্ব

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৩, ১০ সেপ্টেম্বর ২০২৬

জেলেনস্কির নরওয়ে যাত্রায় বিলম্ব

ছবি : সংগৃহীত

মলদোভায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি বিমানের উড্ডয়ন বিলম্বিত হয়েছে।

রাশিয়ার ড্রোনের কারণে আকাশসীমা বন্ধ করে দেয়ায় নরওয়ের উদ্দেশে যাত্রার আগে এ ঘটনা ঘটে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন মলদোভা সরকারের এক মুখপাত্র।

মুখপাত্র লিখিত এক বিবৃতিতে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মলদোভার ভূখণ্ডে রাশিয়ার একটি ড্রোন নেমে আসার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জেলেনস্কিকে বহনকারী বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। ড্রোনের সতর্কতার কারণে মলদোভার আকাশসীমা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। এতে জেলেনস্কির বিমানসহ মোট তিনটি বিমান উড্ডয়নে এবং চারটি বিমান অবতরণে বিলম্ব হয়।

মলদোভার কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছিলেন, রাশিয়ার দুটি ড্রোন দেশটির আকাশসীমায় প্রবেশ করেছিল। এর একটি রাজধানী চিসিনাউয়ের উত্তরে একটি মাঠে গিয়ে পড়ে। ড্রোনটি পড়ার পর সেখানে আগুন ধরে যায়। অন্য ড্রোনটি মলদোভার আকাশসীমা পেরিয়ে পাশের দেশ রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়ে।

আরও পড়ুন: অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল

মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু ড্রোন দুটি দেশটির আকাশসীমায় প্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে মানুষের জীবনের জন্য ‘গুরুতর হুমকি’ বলে উল্লেখ করেন।
 
ইউক্রেনের সঙ্গে মলদোভার সীমান্তের একটি স্থলপথে রাশিয়ার ড্রোন হামলারও নিন্দা জানান তিনি। ওই হামলায় দুজন নিহত হন। নরওয়ের রাজা হারাল্ড পঞ্চমের শেষকৃত্যে যোগ দিতে জেলেনস্কি অসলো যাচ্ছিলেন।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরে বুধবার দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকেকে বলেন, মলদোভা থেকে উড্ডয়নের আগে জেলেনস্কিকে বহনকারী বিমানটি একটি ড্রোনের হামলার খুব কাছাকাছি চলে গিয়েছিল। 

স্টোরে বলেন, মলদোভা থেকে উড্ডয়নের ঠিক আগে তার বিমানটি প্রায় একটি ড্রোনের আঘাতে পড়েছিল। তিনি যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, এটাই তার বাস্তবতা। 

তবে নরওয়ের প্রধানমন্ত্রী তার এ তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত জানাননি। ড্রোনটি জেলেনস্কির বিমান থেকে ঠিক কতটা দূরে ছিল, সেটিও তিনি বলেননি।

ড্রোন সতর্কতার কারণে যাত্রায় বিলম্ব হলেও শেষ পর্যন্ত নরওয়েতে পৌঁছান জেলেনস্কি। 

বুধবার রাজধানী অসলোয় রাজা হারাল্ড পঞ্চমের শেষকৃত্যে অংশ নেন তিনি। সেখানে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে রাজপরিবারের সদস্যদের পেছনে হেঁটে কফিনের দিকে যান জেলেনস্কি। শেষকৃত্য শেষ হওয়ার কিছুক্ষণ পরই নরওয়ে ছেড়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়