ছবি : সংগৃহীত
সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐতিহ্যবাহী আদালতকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার সময় বিচারপ্রার্থী ও স্থানীয় বাসিন্দারা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
স্থানীয় বিরোধ নিষ্পত্তির বিচারকার্য চলাকালে সংঘটিত এ হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, রোববার (০২ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টার দিকে নর্থ দারফুর প্রদেশের গারা আল-জাওয়াইয়া গ্রামে এ হামলা হয়। দীর্ঘদিন ধরে সুদানের গৃহযুদ্ধ চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও নথিভুক্ত করে আসছে ইমার্জেন্সি লইয়ার্স।
সংগঠনটির তথ্যানুযায়ী, হামলার সময় স্থানীয় বিভিন্ন বিরোধ ও মামলার শুনানি চলছিল। বিচার কার্যক্রমে অংশ নিতে সাধারণ মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। বর্তমানে গ্রামটি আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নিয়ন্ত্রণে রয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালো এবং তার সাবেক মিত্র, সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত বাহিনীর মধ্যে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
আরও পড়ুন: ইরানের সঙ্গে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
ইমার্জেন্সি লইয়ার্স আরও জানিয়েছে, হামলায় স্থানীয় ও গোত্রীয় বিরোধ নিষ্পত্তির জন্য ব্যবহৃত ঐতিহ্যবাহী আদালতের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































