Apan Desh | আপন দেশ

ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগে প্রস্তুত, তবে...

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৮, ১৭ মে ২০২৬

আপডেট: ১৩:২০, ১৭ মে ২০২৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগে প্রস্তুত, তবে...

ছবি সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে তড়িঘড়ি নয়, সুনির্দিষ্ট সময়সূচি মেনেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। স্থানীয় সরকার নির্বাচনে দলের ভরাডুবিতে চার জন মন্ত্রী পদত্যাগের পর ৮৬ এমপি তাকে পদত্যাগের আহবান জানিয়েছেন। 

ডেইলি মেইলের প্রতিবেদক ড্যান হজেস দাবি করেন, শনিবার (১৬ মে) বিকেলে মন্ত্রিসভার এক সদস্যের তাকে বলেন, কিয়ার রাজনৈতিক বাস্তবতা বোঝেন। তিনি বুঝতে পারছেন, এ চলমান বিশৃঙ্খলা আর বেশি দিন চলতে দেয়া যায় না। তিনি স্রেফ মর্যাদার সঙ্গে নিজের ইচ্ছেমতো সময়ে পদত্যাগ করতে চান। এজন্য একটি সময়সূচিও ঘোষণা করবেন তিনি।

মন্ত্রিসভার আরেকটি সূত্র জানিয়েছে, এ ঘোষণা ঠিক কবে আসবে, তা এখনও স্পষ্ট নয়। স্টারমারের কিছু প্রবীণ সহযোগী তাকে এখনই কোনো মন্তব্য না করার পরামর্শ দিচ্ছেন। তাদের মতে, মেকারফিল্ড উপনির্বাচনের প্রাথমিক ভোট সমীক্ষা ও প্রচারের গতিপ্রকৃতি সামনে না আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত।

এক মন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রীর সাবেক চিফ অভ স্টাফ মরগ্যান ম্যাকসুইনি তাকে আরও কিছু দিন টিকে থাকার অনুরোধ করছেন। ম্যাকসুইনির যুক্তি, লড়াই যদি হাড্ডাহাড্ডি হয় কিংবা অ্যান্ডির হারার সম্ভাবনা তৈরি হয়, তবে পরিস্থিতি বদলাতেও পারে।

তবে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর এক সমর্থক ডেইলি মেইলের প্রতিবেদককে বলেন, উপনির্বাচনের ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করার ঝুঁকি স্টারমার নেবেন না। কারণ, সেটি তার ব্যক্তিগত সম্মানে আঘাত করতে পারে। তিনি যদি অপেক্ষা করেন এবং তারপর অ্যান্ডি বার্নহ্যাম জিতে যান, তবে মনে হবে যে বার্নহ্যামের চাপেই তিনি পদ ছাড়তে বাধ্য হলেন।

আরও পড়ুন<<>>ইরানে ফের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

নিজ দলের ভেতরেই বিদ্রোহে খাদের কিনারে দাঁড়িয়ে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ক্ষমতাসীন লেবার পার্টির আইনপ্রণেতাদের মধ্যে এখন বাঁধভাঙা অসন্তোষ দেখা দিয়েছে। একের পর এক আইনপ্রণেতা প্রকাশ্যে প্রধানমন্ত্রীর ওপর থেকে আস্থা হারানোর কথা বলছেন। 

পরিহাসের বিষয় হল, স্টারমারের আগাম পদত্যাগের ঘোষণা ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামের ওয়েস্টমিনস্টারে ফেরার লড়াইয়ে পানি ঢেলে দিতে পারে। এক প্রবীণ সহযোগী বলেন, লেবার দলের প্রার্থী অ্যান্ডি বার্নহ্যামের শিবির চাইছে ১৮ জুন মেকারফিল্ডের ভোটের আগে স্টারমার যেন কোনো ঘোষণা না করেন। ব্যালটে কিয়ার স্টারমারের নাম থাকলে লড়াইটা অনেক সহজ হবে। অ্যান্ডি ভোটারদের বলতে চান, আমাকে ভোট দিলে আমি ওয়েস্টমিনস্টারে গিয়ে ডাউনিং স্ট্রিট থেকে তাকে টেনে বের করব।

বার্নহ্যাম শিবিরের এক মুখপাত্র অবশ্য বলেছেন, স্টারমার পদত্যাগের সময়সূচি ঘোষণা করবেন কি না, সেটি নিয়ে তারা 'উদ্বিগ্ন নন'।

তবে বার্নহ্যামের আরেক মিত্র ডেইলি মেইলের প্রতিবেদককে বলেন, আমরা প্রচারের বার্তায় কোনো জটিলতা চাই না। বিষয়টা সহজ রাখাই ভালো। আমরা যাতে সরাসরি বলতে পারি, আপনারা যদি পরিবর্তনের ঢিমেতালে বিরক্ত হয়ে থাকেন, তবে অ্যান্ডিকে ভোট দিন এবং ১০ নং ডাউনিং স্ট্রিটে অবিলম্বে বদল দেখুন।

গত এক সপ্তাহ ধরে স্টারমার ও তার প্রধান উপদেষ্টাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত দোদুল্যমান ছিল। একের পর এক জুনিয়র মন্ত্রীর পদত্যাগের হিড়িকে সরকার যখন টালমাটাল, তখনই ব্রিটিশ প্রধানমন্ত্রী বুঝতে শুরু করেন যে অনিবার্য পরিণতির কাছে মাথা নত করা ছাড়া তার আর কোনো পথ নেই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়