ছবি : সংগৃহীত
চাঁদের কক্ষপথে ১০ দিনের ঐতিহাসিক যাত্রা শেষে পৃথিবীতে ফিরেছেন আমেরিকার ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) আর্টেমিস-২ এর নভোচারীরা। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটের দিকে আর্টেমিস-২ এর ৪ নভোচারী ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছেন।
মহাকাশযানটিকে সুরক্ষা দিতে উদ্ধার অভিযানে আমেরিকার নৌবাহিনীর জাহাজ ও ডুবুরিরা অংশ নিয়েছেন। নভোচারীদের উদ্ধার করে নৌবাহিনীর জাহাজে নিয়ে যাওয়া হবে এবং স্বাস্থ্য পরীক্ষার পর তারা হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে ফিরে আসবেন।
১০ দিনের এ রোমাঞ্চকর চন্দ্রাভিযানটি গত ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরেমি হ্যানসেনকে নিয়ে মহাকাশযাত্রা শুরু হয়েছিল। তাদের এ অভিযান ভবিষ্যতে চাঁদে মানব উপস্থিতি ও মঙ্গল গ্রহে যাত্রার পথ প্রস্তুত করবে।
আরও পড়ুন<<>>পাঁচ দশক পর চন্দ্রাভিযানে চার নভোচারী
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, একটি সাধারণ কিন্তু উদ্বেগজনক ৬ মিনিটের যোগাযোগ বিচ্ছিন্নতার পর নভোচারীরা সফলভাবে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করেন। চাঁদের কক্ষপথে ভ্রমণ শেষে মহাকাশযানটি বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় এ ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে নভোচারীদের চাঁদে যাওয়া ও ফিরে আসার ৬ লাখ ৯৪ হাজার ৪৮১ মাইল (১১ লাখ ১৭ হাজার ৬৫৯ কি.মি.) দীর্ঘ যাত্রা সম্পন্ন হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল চাঁদ প্রদক্ষিণের সময় মহাকাশযানটি পৃথিবী থেকে তার সর্বোচ্চ ৪ লাখ ৬ হাজার ৭৭১ কিলোমিটার (২ লাখ ২ হাজার ৭৫৬ মাইল) দূরত্বে পৌঁছায়, যা মহাকাশে মানুষের ভ্রমণের পূর্ববর্তী রেকর্ড ভেঙে দেয়।
বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়া উপকূলে নিরাপদে অবতরণের পর নাসার আর্টেমিস-২ অভিযানের কমান্ডার রিড ওয়াইজম্যান ক্যাপসুলের অবস্থান ও নভোচারী দলের স্বাস্থ্যের বিষয়ে বলেছেন, আমরা স্থিতিশীল অবস্থায় আছি।
অন্যদিকে নাসার অ্যাডমিনিস্ট্রেটর জ্যারেড আইজ্যাকম্যান নভোচারী দলের সফল অবতরণের পর উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, আমরা আবারও নভোচারীদের চাঁদে পাঠানো এবং নিরাপদে ফিরিয়ে আনার কাজে ফিরে এসেছি। এটি কেবলমাত্র শুরু।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































