Apan Desh | আপন দেশ

আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৮, ১৭ মার্চ ২০২৬

আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে প্রায় ৪০০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি ও টোলো নিউজ।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, ‘স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রে (পুনর্বাসন হাসপাতাল) হামলা চালানো হয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন অনেক মানুষ নিহত ও আহত হন।

তিনি বলেন, ‘হামলায় ২ হাজার শয্যার হাসপাতালটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।’

তবে আফগান সরকারের এই অভিযোগ অস্বীকার করে একে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী কাবুল এবং পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্য করে ‘নির্ভুল বিমান হামলা চালিয়েছে’।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুউল্লাহ মুজাহিদ এই হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে হাসপাতাল ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ‘পাকিস্তানের সামরিক শাসন ব্যবস্থা আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং কাবুলের একটি মাদক পুনর্বাসন হাসপাতালে হামলা চালিয়েছে। আমরা এ অপরাধের তীব্র নিন্দা জানাই এবং এমন কর্মকাণ্ডকে সব স্বীকৃত নীতির পরিপন্থি ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচনা করি।’

আরও পড়ুন : নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত

এ ঘটনা এমন সময় ঘটেছে, যখন আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে কয়েক দফা গোলাগুলির খবর পাওয়া গেছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সবচেয়ে তীব্র সংঘাত হিসেবে দেখা হচ্ছে।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়