ছবি: সংগৃহীত
ইরানের তেল স্থাপনায় ইসরাইলি হামলার পর সেখানে ‘কালো বৃষ্টি’ হওয়ার খবর পাওয়া গেছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, বোমাবর্ষণের পর আকাশে সৃষ্টি হওয়া তেল-মিশ্রিত বৃষ্টি ও বিষাক্ত যৌগ মানুষের শ্বাসতন্ত্রের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।
ইরানে সংস্থাটির একটি দফতর রয়েছে এবং স্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করছে। সংস্থাটি জানায়, চলতি সপ্তাহে তেল-মিশ্রিত বৃষ্টির একাধিক প্রতিবেদন তাদের কাছে এসেছে।
জেনেভায় সাংবাদিকদের ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, কালো বৃষ্টি এবং এর সঙ্গে আসা অম্ল বৃষ্টি জনস্বাস্থ্যের জন্য, বিশেষ করে শ্বাসতন্ত্রের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তিনি আরও জানান, ইরান ইতোমধ্যে জনগণকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন<<>> ইরানে মানবিক সহায়তা পাঠাচ্ছে আজারবাইজান
এ পরামর্শকে সমর্থন করে তিনি বলেন, তেল সংরক্ষণাগার ও শোধনাগারে হামলার ফলে সেখানে আগুন লেগেছে। এতে বাতাসে দূষণ বেড়ে গেছে এবং বায়ুর গুণগত মান নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ঘরের ভেতরে থাকা একটি ভালো সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, এসব হামলার কারণে বাতাসে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার অক্সাইড ও নাইট্রোজেন যৌগ ছড়িয়ে পড়েছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































