ছবি : সংগৃহীত
জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম বাড়লেও এটি সাময়িক। ইরানের পারমাণবিক হুমকি শেষ হলে তেলের দাম দ্রুত কমে যাবে।’
সোমবার (০৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য হিল’।
খবরে বলা হয়, রোববার (০৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বিশ্ব নিরাপত্তার জন্য এবং শান্তির জন্য তেলের দাম কিছুটা বাড়া খুব বড় বিষয় নয়। এটি নিরাপত্তার জন্য ছোট একটি মূল্য। ইরানের পরমাণু হুমকি ধ্বংস হয়ে গেলে স্বল্পমেয়াদী তেলের দাম দ্রুত কমে যাবে। যারা ভিন্নভাবে চিন্তা করে, তারা কেবল মূর্খ।’
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে সাম্প্রতিক দিনে যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আল-জাজিরা ও রয়টার্স জানায়, বিশ্ববাজারে প্রায় ২০ শতাংশ দাম বেড়েছে জ্বালানি তেলের, যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে মূল কারণ ইরানের সঙ্গে মার্কিন ও ইসরায়েলের সংঘাত, যা সরবরাহ ব্যবস্থা আরও কঠোর করেছে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী ব্যাঘাতের আশঙ্কা তৈরি করেছে।
সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১৮ দশমিক ৩৫ ডলার বা ১৯ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১১ দশমিক ০৪ ডলারে পৌঁছেছে।
আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের ফিউচারের দাম ১৫ দশমিক ২৭ ডলার বা ১৬ দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ দশমিক ১৭ ডলারে পৌঁছেছে। সেশনের শুরুতে এটি ২০ দশমিক ৩৪ ডলার বা ২২ দশমিক ৪ শতাংশ বেড়ে ১১১ দশমিক ২৪ ডলারে পৌঁছেছিল। গত সপ্তাহে ব্রেন্ট ২৭ শতাংশ এবং ডব্লিউটিআই ৩৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী ভোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সপ্তাহ বা মাস ধরে জ্বালানির দাম বৃদ্ধির মুখোমুখি হতে হবে। এমন পরিস্থিতিতে সরবরাহকারীরা ক্ষতিগ্রস্ত সুবিধার সঙ্গে লড়াই করছে, সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং জাহাজ চলাচলের ঝুঁকি বাড়ছে।
আরও পড়ুন : ইনকিলাব মঞ্চের ঢাবি শাখার কমিটি ঘোষণা, নেতৃত্বে এলেন যারা
শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরব লোহিত সাগর থেকে তেলের চালান বাড়াচ্ছে, তবে শিপিং তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি থেকে তেলের ঘাটতি পূরণ করার জন্য এটি যথেষ্ট নয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































