Apan Desh | আপন দেশ

গভীর রাতে হাসপাতালে ইমরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

গভীর রাতে হাসপাতালে ইমরান

ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের চিকিৎসা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় তাকে হাসপাতালে নেয়া হয়। পরে রাত দেড়টা নাগাদ তাকে ফিরিয়ে নেয়া হয়। তবে ইমরানের চিকিৎসায় সরকারের তরফে ‘স্বচ্ছতার’ অভাব রয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার ও রাজনৈতিক দল।

দ্য ডন জানায়, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) চোখের ইনজেকশন দেয়ার জন্য ইমরানকে নেয়া হয়। গত মাসে ইমরানের চোখের সমস্যার বিষয়টি সামনে আসে। এরপর থেকে তার চিকিৎসা নিয়ে সরকারের সঙ্গে ইমরানের স্বজন ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) টানাপোড়েন চলছে। 

ইমরানের স্বজনদের দাবি, তাকে ব্যক্তিগত চিকিৎসক ও স্বজনদের উপস্থিতিতে ইসলামাবাদের শিফা হাসপাতালে চিকিৎসা করাতে হবে। তবে সরকার তার চিকিৎসা লোকচক্ষুর আড়ালেই সম্পন্ন করছে।

গতকালের চিকিৎসার বিষয়ে পিআইএমএস কর্তৃপক্ষ জানায়, চিকিৎসাপ্রক্রিয়ার পুরো সময় ধরে ইমরানের অবস্থা স্থিতিশীল ছিল। যথাযথ বিধি মেনেই সবকিছু করা হয়েছে। চিকিৎসা শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও নথিপত্রসহ তাকে ডিসচার্জ করা হয়। আগামী ২৪ মার্চ তাকে আরেকটি ইনজেকশন দেয়ার কথা।

এদিকে, ইমরানের চিকিৎসার খবর চাউর হতেই পুরো প্রক্রিয়ায় ‘স্বচ্ছতার’ অভাব ছিল বলে অভিযোগ জানিয়েছে তার পরিবার ও পিটিআই।

পিটিআইয়ের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে অভিযোগ করা হয়, এ ঘটনায় গোপনীয়তা নয়, স্বচ্ছতার প্রয়োজন। ইমরানকে শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হবে। সরকার আসলে কী লুকাতে চাইছে! আমরা এরকম লুকোছাপার একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা চাই।

ইমরানের বোন আলিমা খানম অভিযোগ করেন, ইমরানকে পিআইএমএসে নেয়ার কথা আমরা খবরে জানতে পারি। আর কোনো বন্দীর স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো বিষয়ে যেখানে পরিবারকে আগে থেকে জানানোর আইন আছে, সেখানে আমাদের কিছু জানানো হয়নি কেন?

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়