Apan Desh | আপন দেশ

নির্বাচন ঘিরে নাড়ির টানে শহর ছাড়ছে মানুষ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৪৮, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ঘিরে নাড়ির টানে শহর ছাড়ছে মানুষ

ছবি: আপন দেশ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ গণতান্ত্রিক উৎসবে শামিল হতে, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে লাখো মানুষ। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঘরমুখো মানুষের স্রোতে বাস টার্মিনাল ও রেলস্টেশনগুলোতে তিল ধারণের ঠাঁই নেই।

রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। টিকিট কাউন্টারগুলোর সামনে দীর্ঘ লাইন। কেউ অফিস থেকে ছুটি নিয়ে আগেভাগেই বেরিয়ে পড়েছেন, কেউ আবার রাতের শিফট শেষ করে সরাসরি টার্মিনালে চলে এসেছেন। ট্রলি ব্যাগ, ব্যাকপ্যাক আর শিশুদের হাত ধরে হাজারো মানুষ তাদের গন্তব্যের বাসের অপেক্ষায় প্রহর গুনছেন।

একই চিত্র দেখা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনেও। প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। যাতায়াতের কষ্ট আর ক্লান্তি থাকলেও ভোটারদের চোখেমুখে ছিল নিজ এলাকায় গিয়ে ভোট দেয়ার প্রবল ইচ্ছা।

ভোটের সরকারি ছুটি শুরু হওয়ায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারগুলোতে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। বিশেষ করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের তীব্র জটলা দেখা গেছে। এ পথ দিয়ে উত্তরবঙ্গের ২২টি জেলার যানবাহন চলাচল করে। বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে রওনা হওয়ায় মহাসড়কের বিভিন্ন অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহনের চাপ সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি।

এ ভিড় কেবল মানুষের ঘরে ফেরাকেই ফুটিয়ে তোলে না, বরং গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের গভীর আস্থার প্রতিফলনও ঘটায়। গার্মেন্টস কর্মী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী—সব শ্রেণি-পেশার মানুষই এখন গ্রামমুখী। যাতায়াতের কষ্ট, অতিরিক্ত ভাড়া কিংবা দীর্ঘ যানজট কোনো কিছুই যেন তাদের দমাতে পারছে না। তাদের একটাই লক্ষ্য—নিজের ভোটটি দিতেই হবে।

বাস চালকরা বলছেন, গত দুদিনের তুলনায় আজ যাত্রীদের চাপ অনেক বেশি। ট্রিপ সংখ্যা বাড়ালেও মানুষের ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। 

অন্যদিকে যাত্রীরা অভিযোগ করছেন, বাড়তি চাহিদার সুযোগ নিয়ে কোনো কোনো পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেয়া হয়েছে, যাত্রী হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ও  যানজট নিরসনে ব্যাপক তৎপরতা চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে।

পুলিশ বলছে, ভোটের সরকারি ছুটি উপলক্ষে এরইমধ্যে মানুষ তাদের গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছেন। এতে মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। মহাসড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়