ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে পাস হয়েছে। বিষয়টি ইতিবাচকভাবে পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (১০ মে) প্রস্তাবটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ফিলিস্তিনকে নতুন সদস্য করার পক্ষে ভোট দিয়েছে ১৪৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ নয়টি দেশ। ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ।
তবে সাধারণ পরিষদের এ ভোটের মধ্য দিয়ে জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন। তবে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। এর আগে গত মাসে নিরাপত্তা পরিষদে তোলা একই ধরনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটো প্রয়োগে খারিজ হয়ে গিয়েছিল।
সাধারণ পরিষদের ভোটের মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ না পেলেও অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করবে ফিলিস্তিন। যেমন চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্যান্য সদস্যদের সঙ্গে আসন পাবে তারা। তবে কোনো প্রস্তাবে ভোট দেয়ার সুযোগ পাবে না।
আরও পড়ুন <> রাজনীতিক হায়দার আকবর রনো আর নেই
ভোটাভুটির সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ছিলেন আল-জাজিরার সাংবাদিক গ্যাব্রিয়েল এলিজোন্ডো। তার মতে, প্রস্তাবের পক্ষে বিপুল ভোট পড়ার ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘যেমনটি আমরা শুনছিলাম— ফিলিস্তিনের পক্ষে ১২০ থেকে ১৩০টির মধ্যে ভোট পড়তে পারে। সর্বোচ্চ তা ১৪০ হতে পারে। তবে ১৪৩টি ভোট পড়াটা একেবারে ধারণাতীত।’
ভোটের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, প্রস্তাব পাস হওয়ার মধ্য দিয়ে এটি দেখা গেছে যে ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে বিশ্ব। একই সঙ্গে তারা ইসরায়েলের দখলদারির বিপক্ষে। তবে এ ভোটের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান। তিনি বলেন, জাতিসংঘ এখন ‘সন্ত্রাসী একটি রাষ্ট্রকে’ স্বাগত জানাচ্ছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধের সাত মাস পেরিয়ে গেছে। এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন বিস্তৃত করে চলেছে ইসরায়েল। বিষয়টিকে বেআইনি বলে মনে করে জাতিসংঘ। তাই জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে বারবার চাপ দিচ্ছে ফিলিস্তিন।
গাজায় প্রায় সাত মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ৩৪ হাজার ৯৪৩ মানুষ প্রাণ হারিয়েছেন; যাদের অধিকাংশই নারী ও শিশু। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। এ প্রেক্ষাপটে ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য সাধারণ পরিষদে প্রস্তাবটি তুলেছিল সংযুক্ত আরব আমিরাত।
ভোটের আগে জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর সাধারণ পরিষদের সদস্যদেশগুলোর উদ্দেশে বলেন, ‘প্রস্তাবে হ্যাঁ বলাটাই হবে সঠিক কাজ। আমি আপনাকে আশ্বস্ত করছি যে এ অন্ধকার সময়ে স্বাধীনতা, ন্যায়বিচার ও শান্তির পক্ষে দাঁড়ানোর জন্য আগামী বছরগুলোয় আপনি ও আপনার দেশ গর্ব বোধ করবেন।’
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































