ভারতের দিল্লিতে একটি রঙের কারখানায় অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। পুলিশ সদস্যসহ আহত হয়েছেন চারজন। এছাড়া দুজন নিখোঁজ রয়েছেন। জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার আলিপুরের দয়ালপুর মার্কেটে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের খবর পেয়ে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ১১ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে একজন পুলিশসহ চারজন দগ্ধ হয়েছেন। আরও দুজন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে দুটি গুদাম ও একটি মাদক পুনর্বাসন কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন>> লেবাননে ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ৯
দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ বলেন, ‘ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। এজন্য তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।’
তিনি জানান, একটি বিকট শব্দ হওয়ার পর কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, কারখানায় মজুত রাসায়নিকের কারণে বিস্ফোরণ হয়েছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































