Apan Desh | আপন দেশ

নওয়াজ-পিটিআই সমর্থিত প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই

পাকিস্তানে ভোটের ফল ঘোষণা শুরু

প্রকাশিত: ০৯:৪০, ৯ ফেব্রুয়ারি ২০২৪

পাকিস্তানে ভোটের ফল ঘোষণা শুরু

ভোটগ্রহণ শেষ হওয়ার ১২ ঘণ্টা পর আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। 

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের লাইভ প্রতিবেদনে এখন পর্যন্ত ১০টি আসনের ফলাফল জানানো হয়েছে। এরমধ্যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) চারটি আসন পেয়েছে।

এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত একই সংখ্যক আসন পেয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র পার্থীরা। এ ছাড়া পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) দুটি আসনে জয় পেয়েছে।

ডনের খবরে বলা হয়েছে, ২৬৫ আসনে ভোট হয়। নির্বাচনের আগে সন্ত্রাসীদের হামলায় একজন প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়।

দেশটিতে কোনো দলকে এককভাবে সরকার গঠন করতে চাইলে ১৩৪টি আসনে জিততে হবে। এর আগে পিটিআই দাবি করে, নির্বাচনের ফলাফল পাল্টে দিতেই বিলম্ব করা হচ্ছে।

আরও পড়ুন <> এমবিবিএস ভর্তি পরীক্ষায় বসছেন লাখো শিক্ষার্থী

তবে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানে এবার কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। ধারণা করা হচ্ছে, গত নির্বাচনে জয়ী দল পিটিআই-সমর্থিত প্রার্থীদের সঙ্গে পিএমএল-এনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। বিশ্লেষকদের অনেকেই বলছেন, এবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা নওয়াজকে সমর্থন দিচ্ছে পাকিস্তানে ক্ষমতাধর হিসেবে পরিচিত সামরিক বাহিনী।

বিলম্বে ফল ঘোষণা শুরুর বিষয়ে জানতে চাইলে পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) বিশেষ সচিব জাফর ইকবাল রয়টার্সকে বলেন, ‘ইন্টারনেট ইস্যুতে’ ফল ঘোষণায় বিলম্ব হয়েছে। তবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি।

এর আগে বৃহস্পতিবার ভোটগ্রহণের দিনে পাকিস্তানজুড়ে বন্ধ রাখা হয়েছিল মোবাইল ফোন সেবা। দেশটির অনেক অঞ্চলে ইন্টারনেট বন্ধ থাকা কিংবা গতি কম থাকার খবরও জানা গিয়েছিল। মূলত নিরাপত্তার স্বার্থে এই উদ্যোগ নেয় দেশটির সরকার। তবে আজ পাকিস্তানে মোবাইল ফোন সেবা চালু রয়েছে।

ফল ঘোষণা দেরিতে শুরু করা নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তাদের অনেকের মতে, এর মধ্য দিয়ে কারচুপির কৌশল বেছে নেয়া হচ্ছে।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়