যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাদার প্রধান ক্যাম্পাসে বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় বুধবার (৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছে। তবে হামলাকারীর নাম জানা যায়নি। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সময় ১১ টা ৫৩ মিনিটে বিশ্ববিদ্যালয়টি হামলার বিষয়ে টুইট করে।
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেন, ক্যাম্পাস এলাকাটিতে বর্তমানে কোনো হুমকি নেই। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ অন্যান্য শাখাগুলো একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেছেন, ‘অতিরিক্ত কোনো হুমকি নেই’ তা নিশ্চিত করার জন্য কর্মকর্তারা এলাকাজুড়ে অভিযান চালাচ্ছেন।
ইউনিভার্সিটি পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া ব্রিফিংয়ে বলেছেন, ক্যাম্পাসে একজন সক্রিয় শুটারের বিষয়ে জানার পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা ‘তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায় এবং সন্দেহভাজনের মুখোমুখি হয়। সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হয়েছেন বলেও জানান তিনি।
ইউনিভার্সিটি অব নেভাদার লাস ভেগাসের এই ক্যাম্পাসটি লাস ভেগাস উপত্যকা থেকে দুই মাইলেরও কম পূর্বে অবস্থিত। এখানে প্রায় ২৫ হাজার আন্ডারগ্রাজুয়েট এবং আট হাজার স্নাতকোত্তর ও ডক্টরেট শিক্ষার্থী রয়েছেন।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































