Apan Desh | আপন দেশ

ব্রিকসে যুক্ত হচ্ছে আরও ৬ দেশ, নেই বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৭, ২৪ আগস্ট ২০২৩

ব্রিকসে যুক্ত হচ্ছে আরও ৬ দেশ, নেই বাংলাদেশ

বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সদস্যসংখ্যা বাড়ানো হবে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আরও ছয়টি দেশ এতে যুক্ত হবে। তবে সেই তালিকায় বাংলাদেশ নেই। 

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলমান সম্মেলনে জোটের সদস্যসংখ্যা বাড়ানোর ব্যাপারে সম্মত হন ব্রিকসের নেতারা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সম্মেলনের শেষ দিনে নতুন সদস্য নেয়ার বিষয়টি চূড়ান্ত হয়। এই জোটে যুক্ত হতে ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হবে। 

ব্রিকসে যুক্ত হতে চলা দেশগুলো হলো- মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আজ বলেছেন, ব্রিকসের পূর্ণ সদস্য হতে দেশগুলোকে আমন্ত্রণ জানানো হবে। তাদের সদস্যপদ আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

জোটের বর্তমান সদস্য হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। 

আরও পড়ুন: বাংলাদেশে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে চীন: শি

গত মঙ্গলবার জোহানেসবার্গে সম্মেলন শুরু হয়। সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এই সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হন তিনি।

এই পাঁচ দেশ ছাড়াও জোটে যুক্ত হতে আগ্রহী দেশগুলোর প্রতিনিধিরা জোহানেসবার্গে সম্মেলনে যোগ দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে যোগ দিয়েছেন। 

জোটের সদস্য হতে চলা নতুন দেশগুলোকে স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি দেশগুলোর নেতা ও জনগণকে অভিনন্দন জানান। 

জোটের লক্ষ্য বাণিজ্য সম্প্রসারণ ও বিশ্বমঞ্চে সদস্যদেশগুলোর স্বার্থরক্ষা। তবে ব্রিকসকে পশ্চিমা দেশগুলোর আধিপত্যের বিপরীতে বিকল্প এক বিশ্বব্যবস্থা তৈরির উপায় হিসেবে দেখছে চীন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়