ছবি: সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন দেশে হামের টিকার কোনো সংকট নেই। আগামী ২০ তারিখ থেকে দেশজুড়ে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, যথা সময়েই হামের টিকা দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে টিকার কোনো ঘাটতি নেই। আগামী ১৫ মে পর্যন্ত পর্যাপ্ত সিরিঞ্জ রয়েছে। পরবর্তী সময়ের জন্য প্রয়োজনীয় সিরিঞ্জ সংগ্রহের ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন আছে।
তিনি বলেন, আসন্ন মৌসুম সামনে রেখে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের আগাম প্রস্তুতি গ্রহণ করেছে। হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া সামনে যক্ষ্মার প্রকোপ বাড়তে পারে—এমন আশঙ্কা থেকে আগেভাগেই টিকা ও প্রতিষেধকের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন <<>> হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
ভ্যাকসিন সরবরাহ নিয়ে বর্তমান সরকারের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার কোনো ধরনের ভ্যাকসিন কিনে যায়নি। ফলে বর্তমান সরকারকে এ জরুরি সামগ্রী জোগাড় করতে বেশ বেগ পেতে হয়েছে।
সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির অভিযোগ তুলে মন্ত্রী বলেন, সরকার জনস্বার্থে ভালো কাজ করতে চাইলেও একটি ‘দুষ্টচক্র’ তা প্রতিরোধের চেষ্টা করছে। এসময় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আপন দেশ/এসএস




































