ফাইল ছবি
সংস্কৃতি চর্চা ও বিকাশে নানা আয়োজন করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি। এবার আয়োজন করছে চলচ্চিত্রের ওপর মাস্টারক্লাসের। আর সেটা নেবেন এ সময়ের চার তরুণ ও সফল নির্মাতা। মেজবাউর রহমান সুমন, তানিম নূর, রায়হান রাফী ও মোহাম্মদ তাওকীর ইসলাম।
সোমবার (০৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে শিল্পকলা অ্যাকাডেমি।
তাতে বলা হয়েছে, ‘অন্য ছবি’ শীর্ষক এ মাস্টারক্লাসে অংশ নিতে পারবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের শিক্ষার্থী এবং নির্মাতারা। অংশ নিতে চাইলে ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মাস্টারক্লাসগুলো হবে ১১, ১২, ১৩ ও ২৮ সেপ্টেম্বর। ক্লাস হবে শিল্পকলা অ্যাকাডেমি জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে।
‘হাওয়া’ ও ‘রইদ’ বানিয়ে অনন্য উচ্চতায় মেজবাউর রহমান সুমন; রায়হান রাফী এ সময়ের সবচেয়ে সফল নির্মাতা, যিনি ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর মতো সুপারহিট সিনেমা বানিয়েছেন।
তানিম নূরের পথচলা দীর্ঘ, সাম্প্রতিক সময়ের অন্যতম সফল সিনেমা ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ তারই নির্মাণ। আর মোহাম্মদ তাওকীর ইসলাম ‘শাটিকাপ’-এর মতো সফল সিরিজ এবং ‘দেলুপি’র মতো প্রশংসিত সিনেমা বানিয়েছেন।
আরও পড়ুন <<>> পূজা চেরীর বিয়ের গুঞ্জন, জানা গেল তারিখ
তাদের কাছ থেকেই চলচ্চিত্র নির্মাণের খুঁটিনাটি শেখার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। নিজস্ব অভিজ্ঞতার আলোকে প্রশিক্ষণার্থীদের চলচ্চিত্র নির্মাণের প্রতিটি ধাপ সম্পর্কে অবহিত করবেন তারা। এর মাধ্যমে তরুণ নির্মাতারা তাদের নিজেদের কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা পাবেন।
এ মাস্টারক্লাসে অংশগ্রহণে আগ্রহীরা তাদের নাম, সিভি/বায়ো-ফিল্মোগ্রাফি, নির্মিত চলচ্চিত্রের প্রিভিউ লিংক এবং মোবাইল নম্বরসহ শিল্পকলা অ্যাকাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক বরাবর আবেদন করতে পারবেন। আবেদন পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে, ০১৭৩৩৪৯২৯৬১ এ নম্বরে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































