Apan Desh | আপন দেশ

এবার সামনে এলেন ‘দম’ সিনেমার আসল নূর

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৮, ৬ এপ্রিল ২০২৬

এবার সামনে এলেন ‘দম’ সিনেমার আসল নূর

ছবি: আপন দেশ

ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘দম’-এর মূল অনুপ্রেরণা মো. নূর ইসলাম তার জীবনের রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। শুক্রবার (০৪ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা জানান।

রেদওয়ান রনি পরিচালিত এবং আফরান নিশো অভিনীত সিনেমাটি নির্মিত হয়েছে নূর ইসলামের বাস্তব জীবনের ঘটনার ওপর ভিত্তি করে। ২০০৮ সালে আফগানিস্তানে তালেবানদের হাতে অপহৃত হয়ে অলৌকিকভাবে বেঁচে ফেরেন তিনি।

সিনেমাটি দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নূর ইসলাম ও তার স্ত্রী আনোয়ারা পারভীন। নূর ইসলাম ‘দম’কে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র হিসেবে উল্লেখ করেন। তিনি আফরান নিশোর অভিনয়কে ‘আউটস্ট্যান্ডিং’ বলে অভিহিত করেন।

এসময় তিনি অপহরণের সময়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। নূর ইসলাম জানান, ভিত্তিহীন অভিযোগ তুলে তাকে অপহরণ করা হয়েছিল। পরে তাকে হত্যার সিদ্ধান্তও নেয়া হয়।

তিনি বলেন, তাকে গাধার পিঠে বসিয়ে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় তিনি ঠিকমতো পানিও খেতে পারছিলেন না। গাধা চলতে শুরু করলে স্ত্রীর পরামর্শ অনুযায়ী ‘দোয়া ইউনূস’ পড়তে শুরু করেন।

নূর ইসলামের ভাষ্য, অপহরণকারীরা তাকে হত্যার প্রস্তুতি নিচ্ছিল। তিনি জোরে জোরে দোয়া পড়ছিলেন। হঠাৎ তিনি শরীরে অদ্ভুত উষ্ণতা ও এক ধরনের ঐশ্বরিক শক্তি অনুভব করেন। প্রায় চার ঘণ্টা চেষ্টা করেও অপহরণকারীরা তাকে হত্যা করতে ব্যর্থ হয়। পরে তাদের কমান্ডারের নির্দেশে তাকে ছেড়ে দেয়া হয়।

তিনি বলেন, শেষ পর্যন্ত অপহরণকারীরা তাকে জড়িয়ে ধরে চুমু খায় এবং জানায়—তার ওপর আল্লাহর রহমত রয়েছে, তাই তাকে আর হত্যা করা হবে না।

নূর ইসলাম ১৮ বছর পর এ ঘটনার জন্য কৃতজ্ঞতা জানান সাধারণ মানুষ, গণমাধ্যমকর্মী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি। তিনি বিশ্বাস করেন, সবার দোয়া ও মহান আল্লাহর রহমতেই তিনি বেঁচে আছেন।

আরও পড়ুন <<>> সিটি নির্বাচনে লড়বেন হিরো আলম

রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন তার চরিত্রে অভিনয় করা আফরান নিশো এবং সহশিল্পী পূজা চেরী।

আফরান নিশো আবেগঘন কণ্ঠে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, নূর ইসলাম ও তার স্ত্রীর ভেতরে সে ভয়াবহ দিনের স্মৃতি এখনও জীবন্ত। তাদের সঙ্গে সময় কাটানোর সময় সে কষ্ট ও হাহাকার অনুভব করেছেন তিনি।

তিনি আরও বলেন, বাস্তব ঘটনার তীব্রতা এত বেশি যে তা পুরোপুরি পর্দায় তুলে ধরা সম্ভব নয়। দর্শকদের সহনশীলতার কথা বিবেচনা করে একটি গ্রহণযোগ্য মাত্রায় গল্পটি উপস্থাপন করা হয়েছে।

এদিকে নূর ইসলাম ও আনোয়ারা পারভীনের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন পূজা চেরী। তিনি বলেন, বাস্তব জীবনে নূর ইসলাম ও তার স্ত্রীই প্রকৃত নায়ক-নায়িকা। তাদের থেকেই নিজের চরিত্রের অনুপ্রেরণা নিয়েছেন তিনি।

‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। সিনেমার চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ এবং রবিউল আলম রবি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়