Apan Desh | আপন দেশ

‘দেনা পাওনা’র পর এবার আসছে ‘চেনা অচেনা’

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩২, ৩১ মার্চ ২০২৬

‘দেনা পাওনা’র পর এবার আসছে ‘চেনা অচেনা’

ছবি: সংগৃহীত

‘দেনা পাওনা’ পর এবার আসছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রযোজিত ‘চেনা অচেনা’ নামের মিনি সিরিজ। ‘দেনা পাওনা’য় দারুণ সাফল্যের পর এ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া জুটি ফিরছে এ নতুন সিরিজে।

কে এম সোহাগ রানা পরিচালিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’য় খাইরুল ও নিপা চরিত্রে তাদের খুনসুটি ও রসায়ন দর্শকদের মন ছুঁয়েছে। দুটি চরিত্রই ড্রয়িংরুম থেকে শুরু করে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। ‘চেনা অচেনা’য় রাতুল চরিত্রে এ্যালেন শুভ্র ও আয়রা চরিত্রে পর্দায় আসছেন তাবাসসুম ছোঁয়া।

নতুন গল্পে দেখা যাবে, আয়রার প্রেমিক থাকে আমেরিকায়, কিন্তু হঠাৎ দাদি মাত্র সাতদিনের মধ্যে তাকে বিয়ে করতে বলেন। এমন পরিস্থিতিতে কোনও উপায় না পেয়ে আয়রা এক দুঃসাহসী সিদ্ধান্ত নেয়। সে রাস্তার ভিখারি রাতুলকে টাকা দিয়ে নিজের স্বামী সাজিয়ে বাড়িতে নিয়ে আসে এবং দাদির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সরল-সোজা রাতুলকে দাদির ভালো লেগে যায়। ধীরে ধীরে সে পরিবারের একজন হয়ে উঠতে থাকে।

কিন্তু সমস্যা দেখা দেয় আয়রার চাচাকে ঘিরে। তিনি চান, আয়রার বিয়ে হোক তার ব্যবসায়িক অংশীদারের ছেলের সঙ্গে, যাতে তার ব্যবসার পরিধি আরও বড় হয়। তিনি বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে আয়রা-রাতুলের ‘নকল’ সম্পর্ককে ভেঙে দিতে চান।

আরও পড়ুন <<>> শুটিং সেটে আহত সোফি টার্নার

রাতুল একের পর এক বিপদে পড়তে গিয়েও রেহাই পায়। গল্পে সম্পর্কের টানাপোড়েন, সামাজিক বাস্তবতা এবং অপ্রত্যাশিত ভালোবাসা একসাথে জড়িয়ে যায়। একদিকে সামাজিক মর্যাদা আর স্বার্থের লড়াই, অন্যদিকে মিথ্যা থেকে জন্ম নেয়া অদ্ভুত এক সম্পর্ক। শেষ পর্যন্ত কি আয়রা সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে? এর উত্তর মিলতে থাকবে সিরিজের একেকটি পর্বে।

নতুন সিরিজ পরিচালনা করেছেন রাজের অন্যতম সহকারী ওমর ফারুক। তিনি বলেন, জীবনে অনেক সময় পরিস্থিতি মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যা সে আগে কখনও ভাবেনি। মিনি সিরিজটিতে আমরা সেটাই দেখাতে চেয়েছি। একইসঙ্গে পরিবার ও ব্যক্তিগত পছন্দের মধ্যকার দ্বন্দ্ব তুলে ধরার চেষ্টা করেছি। চেনা অচেনার মাঝখানে দাঁড়িয়ে সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়ার যাত্রা এটি। গল্পে একটি মিথ্যার মধ্য দিয়ে আয়রা ও রাতুলের সম্পর্ক শুরু হয়, কিন্তু সে মিথ্যার ভেতর দিয়েই ধীরে ধীরে জন্ম নেয় সত্যিকারের আবেগ।

‘চেনা অচেনা’য় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, ডা. এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, এবি রোকন, তানজিম হাসান অনিক।

মঙ্গলবার (৩১ মার্চ) থেকে প্রতি মঙ্গল ও বুধবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট চ্যানেলে দেখা যাবে ‘চেনা অচেনা’র নতুন নতুন পর্ব।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement