ছবি: সংগৃহীত
বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা এবং আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির চেষ্টা করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে অংশ নেয় ঢাকা মহানগর পুলিশের ডেমরা থানা পুলিশ।
পুলিশ জানায়, ভুক্তভোগী এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে নিজের স্টুডিওতে নিয়ে গিয়ে একদিন আটকে রাখেন নোবেল। এসময় তাকে জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণে চাপ দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই তরুণী আদালতে মামলা দায়ের করলে বিষয়টি তদন্তের আওতায় আসে।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, মামলার পরিপ্রেক্ষিতে আদালত থেকে নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সে পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন <<>> নতুন যুদ্ধে ‘হাউস অব দ্য ড্রাগন’, আসছে সিজন–৩
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ আগস্ট ভুক্তভোগী তরুণী আদালতে মামলা দায়ের করেন। মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। পরে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান। একই দিন আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করার নির্দেশ দেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































