প্রথমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েই জয় পেলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এদিকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন বাকের ভাই খ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর।
তবে বিনোদন জগতের তারকাদের নির্বাচনে নৌকা পেয়েও বড় ধাক্কা খেলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। প্রথমবার প্রার্থী হয়ে হারের তালিকায় নাম লিখিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহিও।
নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকার বিজয় এনে দিয়েছেন ফেরদৌস। তিন লাখ ২৪ হাজার ৯৩৯ ভোটারের মধ্যে তাকে ভোট দিয়েছেন ৬৫ হাজার ৮৯৮ জন। নির্বাচনে ফেরদৌসের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকে হাজি মো. শাহজাহান পেয়েছেন ২২ হাজার ৫৭ ভোট। দুজনের ব্যবধান ৪৩ হাজার ৮৪১ ভোটে। ফেরদৌস বলেন, ঢাকা-১০ আসনের প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাই। তারা নিরলসভাবে বহু সময় ধরে আমাকে সমর্থন দিয়ে গেছেন। আপনারা বরাবরই বলেছেন আমাকে ভালোবাসেন। সেটি আজ আমি দেখতে পেয়েছি। এখন সেই ভালোবাসাটা তাদের আস্তে আস্তে ফিরিয়ে দেব।
প্রথমবার প্রার্থী হয়ে পারেননি মাহি। রাজশাহী-১ আসনে ভরাডুবি হয়েছে তার। ১৫৮টি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মাহি ভোট পেয়েছেন মাত্র নয় হাজার নয়টি। তার প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত ওমর ফারুক চৌধুরী পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ভোট।
আরও পড়ুন <> ঢাকার আসনগুলোতে জয়ী যারা
জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি মমতাজ। মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেলেন তিনি। অথচ ফোক সম্রাজ্ঞী ছিলেন তিনবারের এমপি। ১৯৩টি কেন্দ্রে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী টুলু পেয়েছেন ৮৪ হাজার ৫২৫ ভোট। আর নৌকা প্রতীকে মমতাজের বাক্সে পড়েছে ৭৮ হাজার ২৬৯ ভোট।
তবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন নূর। নীলফামারী-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন এই অভিনেতা। বেসরকারি ফলে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীনকে এক লাখ তিন হাজার ৬৫৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। নূর পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট। বিপরীতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে জয়নাল পেয়েছেন মাত্র ১৫ হাজার ৬৮৪ ভোট।
এদিকে জালভোটসহ নানা অনিয়মের অভিযোগে দুপুরেই ভোট বর্জন করেছেন পাবনা- ২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































