Apan Desh | আপন দেশ

দেশকে মেধা সম্পদের ভাণ্ডার করতে হবে: ইবিতে শিক্ষামন্ত্রী

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫০, ১ আগস্ট ২০২৬

দেশকে মেধা সম্পদের ভাণ্ডার করতে হবে: ইবিতে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, আপন দেশ

মেধার কোন ভিসা লাগে না। মেধাবীরা পৃথিবীর সর্বত্র যেতে পারে। আমাদের মেধাবী শিক্ষার্থীরা বিদেশে গেলে আর আসতো না। আজকের এ প্রেক্ষাপটে আমাদের 'রিভার্স ব্রেইন ড্রেন' প্রয়োজন। যারা বিদেশে গিয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে, দেশকে মেধা সম্পদের ভাণ্ডার করতে হবে।

শনিবার (০১ আগস্ট) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনে বাংলাদেশকে পরিচালনা করার জন্য, শিক্ষা খাতে ব্যাপক বিপ্লব আনার জন্য আমাদের কাজ করে যেতে হবে। তারেক রহমানের সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তিনি এ বছর জিডিপির ২% বাজেট উন্নত করেছেন। গত বছরে ছিল মাত্র ৮৭ হাজার কোটি টাকা। এ বছর আমরা পেয়েছি এক লাখ ৩৬ হাজার কোটি টাকা। আগামী দিনে আমরা আরও বাজেট বাড়াব—সে বিশ্বাস আমাদের রয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তিনি আমাদের শিক্ষা খাতের বাজেট জিডিপির ৫% পর্যন্ত উন্নীত করবেন। 

আরও পড়ুন<<>>বিশ্ববিদ্যালয়ে সনদ অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে : ইউজিসি চেয়ারম্যান

আগামী দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলেবর বৃদ্ধির আশাবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন কথা ছিল বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় হবে। পরবর্তীকালে মাহাথির বিন মোহাম্মদ ওআইসি থেকে এ  বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন মালয়েশিয়ায়। আমাদের অনেক শিক্ষার্থী সেখানে পড়াশোনা করে। সেখানে ইসলামিক শিক্ষা ছাড়াও সোশ্যাল সায়েন্স, বিজনেস, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স—সকল ডিপার্টমেন্ট রয়েছে। ঠিক তেমনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সাইন্স বা অন্যান্য ডিপার্টমেন্ট খোলার সুযোগ রয়েছে। আমি আশা করবো তোমরা আগামী দিনে এ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মান-সম্মানকে এগিয়ে নিয়ে যাবে।

মন্ত্রী বলেন, আমরা চাই ইসলামী বিশ্ববিদ্যালয় একটি সেন্টার অব এক্সেলেন্স হবে, এ বিশ্ববিদ্যালয়টি একটি আন্তর্জাতিক মানের হবে। আগামী দিনের বাংলাদেশ গড়ার সময় আমাদের শিক্ষার্থীদের। তোমাদের বুঝতে হবে, যে সময়টুকু শিক্ষা প্রাঙ্গণে তোমরা দিচ্ছ, এ সময়টুকু অত্যন্ত মূল্যবান সময়। জীবনের এ সময়টিকে সদা-সর্বদা কাজে লাগাতে হবে। এ সময়টিই হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে প্রাক-প্রস্তুতির সময়। এ সময়টুকু তোমরা সঠিকভাবে কাজ করবে। সময়টুকু সুনির্দিষ্টভাবে কাজে লাগাবে, ভালোভাবে লেখাপড়া করবে এবং দেশ গড়ার শপথ নিয়ে আগামী দিনে কাজ করে যাবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়