Apan Desh | আপন দেশ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের এমপিও বিল দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:৪৬, ১৬ জুলাই ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের এমপিও বিল দাখিলের নির্দেশ

ফাইল ছবি, আপন দেশ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের বিল সাবমিট করতে হবে। ২১ জুলাইয়ের মধ্যে এ বিল সাবমিট করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফিতর (মাউশি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মাউশি অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দেয়া হয়।

আদেশে জানানো হয়, মাউশি অধিদফতরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ ২০২৫ সালের ০১ জানুয়ারি থেকে ইএফটি’র মাধ্যমে প্রদান করা হচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানের এমপিও কাজের জন্য বরাদ্দকৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগ-ইন করে বিল সাবমিট করতে হবে। 

প্রতিষ্ঠান প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও’র অর্থ সঠিকভাবে নির্ধারণ করে এ বিল দাখিল করবেন।

আদেশে সতর্ক করে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ ইএফটি-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কোনো ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও’র অর্থ ইএফটি-তে প্রেরিত না হলে কিংবা কোনো অতিরিক্ত অর্থ চলে গেলে, তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। 

আরও পড়ুন<<>>নবীনদের আগমনে মুখরিত ইবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ

মাউশি জানিয়েছে, অসাবধানতাবশত কোনো ভুল তথ্য প্রদান বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক-কর্মচারী যদি অতিরিক্ত অর্থ পেয়ে থাকেন, তবে সে অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

আদেশে আরও উল্লেখ করা হয়, শুধুমাত্র আইবাসে তথ্য যাচাইয়ের মাধ্যমে বৈধ হিসেবে প্রমাণিত শিক্ষক-কর্মচারীদের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্যে এখনো ভুল বা অসঙ্গতি রয়েছে, তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং তা যাচাই সাপেক্ষে পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে।

নির্ধারিত সময়সীমা অনুযায়ী, আগামী ২১ জুলাইয়ের মধ্যে জুলাই মাসের এমপিও বিল দাখিল সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়