Apan Desh | আপন দেশ

চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৩, ১৩ জুলাই ২০২৬

চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

ফাইল ছবি

দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এর মাঝে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসএসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পূর্বঘোষিত সূচি অনুযায়ী দেশের অন্য সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা হবে।

সোমবার (১৩ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়।

এতে জানানো হয়েছে, অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকলেও অন্যান্য বোর্ডের অধিকাংশ পরীক্ষাকেন্দ্র পরীক্ষা গ্রহণের উপযোগী রয়েছে। স্থানীয় প্রশাসনের প্রতিবেদনের ভিত্তিতেই পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিরূপ আবহাওয়ার মধ্যেও চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন হচ্ছে, তা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উদ্বেগ ও প্রশ্নের ব্যাখ্যাও দেয়া হয়েছে।

এতে বলা হয়, দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় একটি বোর্ডের পরিস্থিতির কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয়। তবে কোথাও প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশের ১১টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে হচ্ছে। সব পরীক্ষার্থীই শিক্ষা বোর্ডগুলোর কাছে সমান গুরুত্বপূর্ণ।

অতিবৃষ্টিজনিত বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে উপস্থিত হওয়া সম্ভব না হওয়ায় শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাস্তব পরিস্থিতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অন্যদিকে, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষাকেন্দ্র কার্যক্রম পরিচালনার উপযোগী রয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের ভিত্তিতে পরীক্ষা গ্রহণের পরিবেশ রয়েছে বলে স্থানীয় প্রশাসন প্রতিবেদন দিয়েছে।

সে প্রতিবেদনের ভিত্তিতেই পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার (১৩ জুলাই) সকালে বিরূপ আবহাওয়ার কারণে কয়েকটি কেন্দ্রে, বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি হয়। তবে স্থানীয় প্রশাসন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন <<>> দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির মতে, ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থীর পরীক্ষার প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে বারবার পরীক্ষা স্থগিত করা হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়