ছবি: আপন দেশ
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা জমা দিয়েও প্রবেশপত্র পায়নি নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের আট শিক্ষার্থী। যে কারণে তারা পরীক্ষায় অংশ পারেননি।
বৃহস্পতিবার (০২ জুলাই) এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পর বিষয়টি নজরে আসে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের।
তার তাৎক্ষণিক ও জরুরি হস্তক্ষেপে অবশেষে ওই আট শিক্ষার্থী শনিবার (০৪ জুলাই) থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন।
এদিকে শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার থেকে সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হলেও আব্দুলপুর সরকারি কলেজের আট শিক্ষার্থী প্রবেশপত্র পাননি। কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা নিলেও তা বোর্ডে জমা দেননি বলে অভিযোগ ওঠে।
সংবাদ মাধ্যম থেকে বিষয়টি জানতে পেরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তাৎক্ষণিকভাবে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। এরপর শিক্ষার্থীদের পরীক্ষায় বসার ব্যবস্থা করার নির্দেশ দেন।
শুক্রবার (০৩ জুলাই) মন্ত্রীর নির্দেশে রাজশাহী শিক্ষা বোর্ড জরুরি ভিত্তিতে ওই আট শিক্ষার্থীর ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করে। ফলে শনিবার থেকে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন। শিক্ষামন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট সংবাদদাতার সঙ্গেও কথা বলেন।
ঘটনাটি জানার পর শিক্ষামন্ত্রী নাটোরের এসপি মোহাম্মদ শরিফুল হক ও লালপুর থানার ওসি শফিকুল ইসলামের সঙ্গে টেলিফোনে কথা বলেন। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন <<>> এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭
মন্ত্রীর নির্দেশের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
ইতিমধ্যে আব্দুলপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে বগুড়ার সারিয়াকান্দিতে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করার পরও রেজিস্ট্রেশন নম্বর ভুল আসে। সে কারণে এক এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নিতে না পারার অভিযোগ আসে শিক্ষামন্ত্রীর কাছে।
মন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে কথা বলে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। ওই শিক্ষার্থীরও ফরম পূরণ সম্পন্ন হয়েছে। তিনিও শনিবার থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































