Apan Desh | আপন দেশ

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৫, ১৯ মে ২০২৬

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু

ছবি: আপন দেশ

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্রের দাফতরিক কার্যক্রম শুরু হয়েছে। এ আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গতিশীলতা ও প্রশাসনিক কার্যক্রম করা হবে। এর মাধ্যমে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানগুলোর একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।

মঙ্গলবার (১৯ মে) জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বিষয়টি জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দফতরের পরিচালক মো. আমিনুল আক্তার অফিস আদেশে স্বাক্ষর করেন ১৮ মে।

অফিস আদেশে বলা হয়, ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের দাফতরিক কার্যক্রম গত ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রটি ময়মনসিংহ সদর উপজেলার আমলীতলা এলাকায় স্থাপন করা হয়েছে। এর আগে ওই ৪টি জেলার কলেজ ও প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসের অধীনে দাফতরিক কার্যক্রম পরিচালনা করতো।

আরও পড়ুন <<>> বাকৃবিতে বীর প্রতীক এটিএম খালেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সংশ্লিষ্ট চার জেলার সব অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানকে আঞ্চলিক কেন্দ্র, ময়মনসিংহের সঙ্গে সংযুক্ত থেকে কার্যক্রম পরিচালনা করতে হবে।

অফিস আদেশে আরও বলা হয়, নতুন ব্যবস্থার আওতায় দাফতরিক কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের সীমাবদ্ধতা দেখা দিলে পত্র ইস্যুর তারিখ থেকে ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কলেজ বা প্রতিষ্ঠান প্রধানকে পরিচালক, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর বরাবর লিখিত আবেদন পাঠাতে হবে। ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়