Apan Desh | আপন দেশ

বাকৃবিতে বীর প্রতীক এটিএম খালেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৭, ১৯ মে ২০২৬

আপডেট: ১৫:২৭, ১৯ মে ২০২৬

বাকৃবিতে বীর প্রতীক এটিএম খালেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাওলানা ভাসানী হলের আয়োজিত 'বীর প্রতীক এটিএম খালেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট' উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উভয় দল, জেড ফোর্স এবং ক্র্যাক প্লাটুন মুখোমুখি হয়ে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দেয়। প্রথমার্ধে পাল্টাপাল্টি আক্রমণের পরও কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ক্র্যাক প্লাটুনের খেলোয়াড় শিবুর দূরপাল্লার শক্তিশালী শট জেড ফোর্সের গোলকিপারের ভুলে জালে জড়িয়ে দলকে এগিয়ে দেয়। জেড ফোর্স সমতা ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে ক্র্যাক প্লাটুনের দৃঢ় রক্ষণভাগ তাদের সব আক্রমণ ব্যর্থ করে। শেষ পর্যন্ত ১-০ গোলে জয়ী হয়ে শিরোপা ক্র্যাক প্লাটুনের দখলে থাকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. শরীফ আর রাফি। আরও উপস্থিত ছিলেন হাউজ টিউটর, শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান স্বপ্নীল, হলের শিক্ষার্থীবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক। 

আরও পড়ুন<<>>ব্লকেড কর্মসূচিতে ‘অচল’ ডুয়েট

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে মেডেল ও ট্রফি বিতরণ করা হয়। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দল ক্র্যাক প্লাটুনের শিবু।

প্রধান অতিথির বক্তব্যে প্রভোস্ট অধ্যাপক ড. মো. শরীফ আর রাফি বলেন, কাদামাটির মাঠেই ফুটবল খেলার আসল আনন্দ পাওয়া যায়। আজকের ম্যাচটিও তাই খুবই জমজমাট ছিল। চ্যাম্পিয়ন দলের পাশাপাশি আমি রানার্সআপ দলকেও অভিনন্দন জানাই। খেলাধুলার এমন আয়োজনের প্রতি হল প্রশাসনের সমর্থন সবসময় থাকবে। কারণ, খেলাধুলা মন ভালো রাখে এবং মাদকসহ নানা নেতিবাচক বিষয় থেকে দূরে রাখতে সাহায্য করে।

শাখা ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে তরুণ-তরুণী, যুবসমাজ ও শিশু-কিশোরদের সুস্থ, মানবিক ও বিবেকবান জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলার আয়োজনকে গুরুত্ব দিচ্ছেন। তাই দেশব্যাপী মেধাবী খেলোয়াড়দের বাছাই করে মাঠ পর্যায়ে আনা হচ্ছে।' এছাড়া খেলাধুলাকে কর্মসংস্থানের পর্যায়ে নিতেও সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়