Apan Desh | আপন দেশ

ব্লকেড কর্মসূচিতে ‘অচল’ ডুয়েট

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:০৪, ১৮ মে ২০২৬

ব্লকেড কর্মসূচিতে ‘অচল’ ডুয়েট

ছবি : আপন দেশ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অচলাবস্থার সমাধান হয়নি। ফলে রোববার (১৭ মে) রাত থেকেই প্রবেশ ও বাহিরের সব গেট বন্ধ করে দিয়ে ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি পালন শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর থেকে ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে।

জানা গেছে, উদ্ভুত পরিস্থিতি ও সমস্যা নিরসনে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রতিনিধিরা (ডুয়েটের সাবেক শিক্ষক ও শিক্ষার্থী) ডুয়েটে বৈঠকে বসেন। রাত ১০টা পর্যন্ত বৈঠক চলে। ওই বৈঠকে সদ্য বিদায়ী ভিসি উপস্থিত থাকলেও ছিলেন না নতুন নিয়োগ পাওয়া ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

আলোচনায় যেসব সিদ্ধান্ত হয় শিক্ষার্থী প্রতিনিধিরা তা মেনে নেওয়ার ব্যাপারে অন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত জানানোর কথা জানান। কিন্তু রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ ও বের হওয়ার সব গেট বন্ধ করে দিয়ে ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি শুরু করে। 

সোমবার (১৮ মে) সকালেও কর্মসূচি অব্যাহত ছিল। কাউকে ভেতরে প্রবেশ ও বের হতে দিচ্ছে না শিক্ষার্থীদের একাংশ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস বলেন, ‘রোববারের বৈঠকে সমস্যার সমাধান হয়নি। তবে আলোচনার অগ্রগতি হয়েছে। ছাত্ররা তাদের সিদ্ধান্ত সোমবার সকালে জানানোর কথা ছিল। তবে রোববার রাত থেকে তারা ব্লকেড কর্মসূচি শুরু করেছে বলে শুনেছেন। আমরা সকাল ১০টা সাড়ে ১০টা পর্যন্ত তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। তারা সিদ্ধান্ত না জানালে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

আরও পড়ুন : চিরনিদ্রায় শায়িত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

উল্লেথ্য, গত ১৪ মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয় সরকার। নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে ডুয়েট থেকে ভিসি নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। রোববার নবনিযুক্ত ভিসি যোগদান করতে গেলে তার পক্ষে-বিপক্ষের শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংর্ঘষ হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়