ছবি: আপন দেশ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, গবেষণার পরিবেশ সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
সোমবার (১৮ মে) ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত অ্যাকাডেমিক অ্যান্ড স্কলারশিপ অ্যাওয়ার্ডিং-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি কার্যকর ও ইতিবাচক সেতুবন্ধন তৈরি করেছে। এ ধরনের গঠনমূলক উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সবসময়ই সহযোগীতা করা হয়েছে। ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
উপাচার্য বলেন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন—এই দুটি শাখার মধ্যে মৌলিকভাবে তেমন কোনো বিভাজন নেই বরং উভয় ক্ষেত্রই ব্যবস্থাপনা ও নেতৃত্বের অভিন্ন দর্শনের ওপর প্রতিষ্ঠিত। তবে প্রয়োগক্ষেত্র ও কাঠামোগত দিক থেকে কিছু পার্থক্য অবশ্যই রয়েছে।
আরও পড়ুন<<>>ব্লকেড কর্মসূচিতে ‘অচল’ ডুয়েট
তিনি আরও বলেন, ম্যানেজমেন্ট মূলত একটি সমন্বিত ব্যবস্থাপনা প্রক্রিয়া, আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি সাধারণ মানুষের কাছে কিছুটা আমলাতান্ত্রিক বা কঠোর মনে হতে পারে, কারণ এর সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতা, প্রশাসনিক কাঠামো ও আইনশৃঙ্খলা ব্যবস্থার বিষয়গুলো জড়িত। তবে সমসাময়িক বিশ্বে এ ধারণা অনেক পরিবর্তিত হয়েছে। বর্তমানে এটিকে ‘নিউ পাবলিক ম্যানেজমেন্ট’-এর আলোকে নতুনভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আমরা সবাই কোনো না কোনোভাবে ব্যবস্থাপনা চর্চার সঙ্গে সম্পৃক্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সানোয়ার জাহান ভূঁইয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহিদ মিয়া, সাবেক ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ‘Challenges of the Fourth Industrial Revolution’ এবং ‘Strengthening the Bond between the Department and Alumni’ শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। পরে এলামনাই এসোশিয়েসনের পক্ষ থেকে স্কলারশিপ বিতরণ করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































