ফাইল ছবি
আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সুযোগ পাচ্ছেন। উচ্চমাধ্যমিক ও সমমান পর্যায়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এ সহায়তা দেয়া হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদন করার সময় বৃহস্পতিবার (০৭ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এতে বলা হয়, পূর্বঘোষিত ৩০ এপ্রিলের পরিবর্তে এখন ৭ মে পর্যন্ত আবেদন করা যাবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদফতরের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আগ্রহীদের নির্ধারিত লিংকে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি জমা দেয়ার প্রয়োজন নেই।
সহায়তা পেতে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। শিক্ষার্থীদের আগের শ্রেণিতে অন্তত ৬০ শতাংশ নম্বর বা জিপিএ ৫-এর ক্ষেত্রে ন্যূনতম ৩ দশমিক ৫০ থাকতে হবে। আবেদনকারীর অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকার কম হতে হবে।
বিশেষ ক্ষেত্রে এতিম, প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে হবে।
আরও পড়ুন <<>> এসএসসির গণিত পরীক্ষায় ১৪ শিক্ষার্থী বহিষ্কার
আবেদনের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন সনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র, এক কপি ছবি এবং অনলাইন ব্যাংক হিসাবের তথ্যের স্পষ্ট কপি আপলোড করা বাধ্যতামূলক।
ভর্তি আবেদন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে নির্ধারিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ এবং ০১৭৭৮৯৬৪১৫৬।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।


































