ফাইল ছবি
চলছে এসএসসি ও সমমান পরীক্ষা। ৯ সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত গণিত (আবশ্যিক) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ১৮ হাজার ৬৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। যা মোট পরীক্ষার্থীর ১ দশমিক ৪২ শতাংশ।
রোববার (০৩ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে গণিত পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ১৭ হাজার ১৭৩ জন। এর মধ্যে ১২ লাখ ৯৮ হাজার ৫২১ জন পরীক্ষায় অংশ নেয়। বাকি ১৮ হাজার ৬৫২ জন অনুপস্থিত থাকে।
এদিকে সব বোর্ড মিলিয়ে মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪ হাজার ৯৪৬ জন। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ১২ হাজার ৫৭৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞান-২ পরীক্ষায় ৩ হাজার ৭১৮ জন অনুপস্থিত ছিল।
বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকায় সর্বোচ্চ ৪ হাজার ৫৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। রাজশাহীতে ২ হাজার ৪০৩ জন, কুমিল্লায় ১ হাজার ৮৫০ জন, যশোরে ২ হাজার ৭৬ জন, চট্টগ্রামে ১ হাজার ৪৮৩ জন, সিলেটে ৯৫১ জন, বরিশালে ১ হাজার ৬৯১ জন, দিনাজপুরে ২ হাজার ১৬৬ জন এবং ময়মনসিংহে ১ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী অংশ নেয়নি।
আরও পড়ুন<<>> গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার
মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার ছিল সর্বোচ্চ ৫ দশমিক ০৫ শতাংশ।
অসদুপায় অবলম্বনের দায়ে সব মিলিয়ে ২৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ জন, মাদ্রাসা বোর্ডে ৬ জন এবং কারিগরি বোর্ডে ৬ জন রয়েছে।
সাধারণ বোর্ডগুলোর মধ্যে ঢাকায় ৩ জন, রাজশাহীতে ২ জন, যশোরে ২ জন, বরিশালে ৩ জন, ময়মনসিংহে ৩ জন এবং সিলেটে ১ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। কুমিল্লা, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অন্যান্য সব কেন্দ্রে পরীক্ষার পরিবেশ ছিল সন্তোষজনক।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।


































